বরিশাল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে বরিশাল বিভাগের ২ হাজার ৯৮০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা বরগুনার জেলা প্রশাসক সেখানকার পরীক্ষার্থীদের এসএসসির ফরম পূরণের বোর্ড ফি বাবদ ৩৫ লাখ টাকা অনুদান চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
শাহ আলমগীর জানান, ১৯ ডিসেম্বর পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। এর মধ্যে ১৩ ডিসেম্বর পর্যন্ত জরিমানা ছাড়াই ফরম পূরণ করা যাবে। পরবর্তী ছয় দিন জরিমানা দিয়ে ফরম পূরণ করতে হবে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়ে বরিশাল জেলায় ৪২টি কলেজ, ২৯৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৯৩টি মাদ্রাসা কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বরগুনার ২৪টি কলেজ, ১৭০টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৪টি মাদ্রাসা এবং পটুয়াখালীর ২১টি কলেজ, ২৩০টি মাধ্যমিক বিদ্যালয় ও ২০২ টি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ঝালকাঠীর ২৮০টি, ভোলার ২৪৮টি ও পিরোজপুরের ১৫২টি কলেজ, মাধ্যামিক বিদ্যালয়, মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শাহ আলমগীর জানান, বরগুনার জেলা প্রশাসক আলতাফ হোসেন বরগুনার শিক্ষার্থীদের অনুকূলে ৩৫ লাখ টাকা অনুদান চেয়ে একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। জেলা প্রশাসকের দপ্তর থেকে গত ২৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো চিঠির একটি অনুলিপি তিনি হাতে পেয়েছেন বলে জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৭৫৫ ঘ.
bdnews24