বরগুনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ অঞ্চলের প্রত্যন্ত অনেক এলাকায় এখনো ত্রাণ পৌঁছেনি। দুর্গম এলাকায় খুব কমই যাচ্ছেন সাহায্যকর্মীরা। ত্রাণ না পেয়ে সোমবার মিছিল করেছেন বরগুনার গৌরিচন্না ইউনিয়নের চরখাজুরতলা গ্রামের কয়েকশ মানুষ। লোকজনের অভিযোগ, প্রধান রাস্তার পাশে ও নদীর ধারের মানুষই বেশি করে ত্রাণ পাচ্ছে। সাহায্যকর্মীরা দুর্গম এলাকায় না গিয়ে চলে যাচ্ছেন যাতায়াত সহজ- এমন সব অঞ্চলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আবু নোমান সজীব।
বরগুনা জেলার প্রত্যন্ত অনেক এলাকায় সোমবার পর্যন্তও কোনো ত্রাণ পৌঁছেনি। আবার অনেক এলাকার মানুষ বেশ কয়েকবার পেয়েছে সরকারি-বেসরকারি সাহায্য।
বরগুনার ছোনবুনিয়া, চরপাড়া, দক্ষিণ পাতাকাটা, আগাপাড়া, দক্ষিণ বালুয়াতলিসহ যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলো ঘুরে দেখা যায় সিডর আঘাত হানার পর প্রায় দেড় সপ্তাহ পার হয়ে গেলেও সেখানে তেমন কোনো সাহায্য পৌঁছায়নি।
সরকারি বা বেসরকারি কোনো ত্রাণ না পেয়ে গৌরিচন্না ইউনিয়নের চরখাজুরতলা গ্রামের কয়েকশ নারী-পুরুষ সোমবার সকালে মৌন মিছিল করে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
তিনঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করার কথা থাকলেও একঘণ্টা পরই উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউজ্জামান প্রত্যেক পরিবারকে তার নিজ ত্রাণ ভাণ্ডার থেকে পাঁচ কেজি করে চাল দেওয়ার আশ্বাস দেন। এরপর গ্রামবাসীরা তাদের এলাকায় ফিরে যায়।
মিছিলকারী বৃদ্ধ আবদুল গফুর মিয়া জানান, চারদিকে বিষখালী নদী, তার মাঝেই চরখাজুরতলা গ্রাম। ঘূর্ণিঝড়ের প্রথম আঘাতেই পুরো গ্রামটি বিধ্ধস্ত হয়। মারা গেছে বেশ কয়েকজন। ঝড়ের তাণ্ডবের মাঝেও বেঁচে যাওয়া গ্রামবাসীদের সহায় সম্বল কিছুই অবশিষ্ট নেই। এখন পর্যন্ত কোনো ত্রাণ না পেয়ে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে।
চরখাজুরতলার লোকজনের অভিযোগ, গৌরিচন্না ইউনিয়নের চেয়ারম্যান আবি আবদুল্লাহ বাচ্চু খান ঝড়ের ১১ দিন পরও তাদের গ্রামে যাননি।
দুর্গত এলাকার ত্রাণ কার্যক্রম নিয়ে কথা হয় ৯ নং এম বালিয়াতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদারের সঙ্গে। তিনি স্বীকার করেন, প্রত্যন্ত অনেক এলাকায় এখনো পর্যাপ্ত সাহায্য যায়নি।
শাহজাহান হাওলাদার বলেন, "বেসরকারি সংগঠনগুলো যে পরিমান ত্রাণ দিচ্ছে তা ঠিকমতো সমন্বয় করে দেওয়া হলে কমবেশি সবাই কিছু না কিছু পেত। কিন্তু মাঝের গ্রামগুলোতে কেউই ত্রাণ নিয়ে যাচ্ছে না। আর সরকারি সাহায্য যা আসছে প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল।"
সোমবার দুপুরে দক্ষিণ পাতাকাটা গ্রামে দুর্গত মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ত্রাণের ট্রলারগুলো এসে থামছে ছোনবুনিয়ার ঠোটা খাড়িকুলে। আর সেখান থেকেই সাহায্য বিলি করা হচ্ছে কেবল ছোনবুনিয়ার মানুষের মধ্যে। এছাড়া, সড়কপথে আসা ত্রাণ গর্জনবুনিয়া পর্যন্ত গিয়ে থেমে যাচ্ছে। সহায্যকর্মীদের কেউ একটু ভেতরে দক্ষিণ পাতাকাটায় যাচ্ছেন না।
শুধু দক্ষিণ পাতাকাটা নয়, আগাপাড়া, চরপাড়া, বড় বালিয়াতলি ও পালের বালিয়াতলিসহ মাঝের গ্রামের মানুষ বঞ্চিত হচ্ছে ত্রাণ থেকে।
বাঁধের ওপরের ভাঙা-চোরা পথ ধরে দক্ষিন পাতাকাটা পার হয়ে ছোনবুনিয়ার দিকে যেতেই কাঁদতে কাঁদতে মটরসাইকেলের সামনে এসে দাঁড়ান আকলিমা নামের এক তরুণী। আকলিমা জানান, তালতলীতে তার বিয়ে হয়েছে। আজই (সোমবার) বাবার বাড়ি বেড়াতে এসে জেনেছেন, মা ও ছোট বোন নিহত হয়েছে ঝড়ের রাতে। পরিবারের এখন জীবিত বলতে আছে কেবল বাবা। কিন্তু বৃদ্ধ বাবার পেটে গত দুদিনে দানাপানি কিছুই পড়েনি। তাই বাবার জন্য কিছু ত্রাণের আশায় রাস্তার পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছেন আকলিমা।
বড় বালিয়াতলির রাখাইন পাড়ায় সোমবার দুপুরে কথা হয় মং হান মাস্টারের সঙ্গে। এখানে ৩২টি রাখাইন পরিবারের বসবাস। ঝড়ে এই রাখাইন পাড়ার বেশ ক্ষতি হয়েছে। কিন্তু সেখানেও কোনো ত্রাণ যায়নি বলে জানান মং হান মাস্টার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএইচবি/২৩১৮ ঘ.
bdnews24