ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় দুর্গতদের জন্য বিশ্বের বিভিন্ন ক্যাথলিক সংগঠনের কাছ থেকে সাড়ে সাতাশ কোটি টাকার সাহায্যের প্রতিশ্র"তি পেয়েছে বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাস।
সোমবার সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিডরের আঘাতে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসতে গত ১৯ নভেম্বর বিশ্ববাসীর প্রতি ভ্যাটিকান থেকে পোপ ষোড়শ বেনেডিক্ট-এর আহ্বানে চার মিলিয়ন ডলারের বেশি সাহায্যের এ প্রতিশ্র"তি পাওয়া গেছে।
সাহায্যের প্রতিশ্র"তি দেওয়া ক্যাথলিক সংগঠনগুলোর মধ্যে আছে কারিতাস ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস্, ইংল্যান্ড ও ওয়েলস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্পেন, লুক্সেমবার্গ ও ক্যাথলিক রিলিফ সার্ভিসেস-যুক্তরাষ্ট্র।
কারিতাস ইতোমধ্যে স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি ত্রাণ ও পুনর্বাসন পরিকল্পনা হাতে নিয়েছে। ৬৪ কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি পরিকল্পনার মধ্যে আছে ৫১ হাজার পরিবারের মাঝে খাদ্য ও গৃহস্থালি সামগ্রী বিতরণ, নয় হাজার পরিবারকে কাজের বিনিময়ে অর্থসাহায্য, সাড়ে চার হাজার পরিবারকে পেশাভিত্তিক পুনর্বাসনের সুযোগ, দুই হাজার ৮০০ পরিবারের বাসস্থান ও ৫৭টি বিধ্বস্ত স্কুল ভবন মেরামত, সাত হাজার ৩০০ পরিবারকে কম খরচে ঘর তৈরি করে দেওয়া।
এ ছাড়া কারিতাসের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় রয়েছে কমপক্ষে ৫০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র (সাইক্লোন শেল্টার) নির্মাণ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএসবি/এমএইচবি/২২৪৩ ঘ.
bdnews24