ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের ছোবলের পর উপকূলের বিধ্বস্ত জনপদে নতুন দুর্ভোগ বয়ে এনেছে রাতের হাড় কাঁপানো শীত। সন্ধ্যা নামতেই ঠাণ্ডা বাতাস কাঁপিয়ে দিয়ে যায় গরম পোশাকহীন হাজার হাজার মানুষকে। বিধ্বস্ত উপকূলে সীমিত আকারে হলেও পৌঁছাচ্ছে খাদ্য সাহায্য। কিন্তু শীতবস্ত্র পৌঁছানোর তেমন কোনো উদ্যোগ এখনো নেই। শুক্র ও শনিবার বাগেরহাট ও পিরোজপুরের বিভিন্ন অঞ্চল ঘুরে লিখছেন গোলাম মর্তুজা অন্তু।
মোড়েলগঞ্জ হয়ে শরণখোলা ঢুকতেই রাস্তার দু'পাশে চোখে পড়ে হাজারো নিঃস্ব মানুষের অস্থায়ী নতুন বসতি। চার কোণে চারটি বাঁশের খুঁটি পুঁতে, তাতে কোনো রকমে প্লাস্টিক, পুরনো কাঁথা, লুঙ্গি বা শাড়ি পেঁচিয়ে আশ্রয় নিয়েছে আশপাশের এলাকাবাসী।
একইভাবে বলেশ্বর নদীর তীরে সাউথখালী ইউনিয়নের গাবতলা ও বকুলতলার মানুষ সারিসারি ঘর বানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর। মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাঁধের ওপরও দেখা যায় একই চিত্র।
সাইথখালী ইউনিয়নের গাবতলা গ্রামের নাসির মিয়া স্ত্রী ও পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে বাঁধের ওপরের খুপরি ঘরে আছেন। তিনি বলেন, "বউ আর বড় দুগ্যা মাইয়ার পরেনেরডা ছাড়া আর কোন কাপুড় নাই। মোরও লুঙ্গি ছাড়া পিন্দনের কোনো কাপুড় নাই। খালি পোলা দুইডা শুক্কুরবার রিলিফের গেঞ্জি পাইছে।"
নাসির মিয়ার স্ত্রী সোনা বিবি জানান, নৌকা থেকে ত্রাণ ছুড়ে মারা হয়। সেগুলো পেতে অনেক সময়ই নামতে হয় পানিতে। এরপর ভেজা কাপড়েই পার করতে হয় সারারাত।
নাসির মিয়ার খুপড়ির চারদিকে ছেঁড়া কাঁথা আর লুঙ্গি জড়ানো। তিনি বলেন, "ওই কাঁথাডা ছাড়া জাড় (শীত) ঠেহাইবার আরা কিছু আমাগো নাই।"
নাসির মিয়ার পাশের খুপড়িটিতে উঠেছেন মাচ ব্যাবসায়ী ইয়াসিন আলীর পরিবার। মোটামুটি স্বচ্ছল ইয়াসিন মিয়া রাতারাতি কপর্দক শূন্য হয়ে গিয়েছেন। তিনি জানালেন, তার দু'টো নৌকা ভেসে গেছে। এখন পরিবার নিয়ে কী খাবেন তা নিয়েই চিন্তিত।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নেও দেখা যায় বাঁধের ওপর মানুষের অমানবিক বসবাস।
স্থানীয় ইদ্রিস আলী মোল্লা জানান, এখানে কিছু খাদ্য ত্রাণ এলেও বস্ত্র পায়নি এলাকার মানুষ। বেশিরভাগ মানুষই এক কাপড়ে আছেন ঝড়ের পর থেকে।
ওই ইউনিয়নের কাঁথা ছেড়া গ্রামের মহিম গাজী বলেন, "আমার আব্বা হামেদ গাজী গাছ পইড়া মরছে। পুরো ঘর ভাইস্যা গেছে বইন্যার পানিতে। একটা কাঁথা পর্যন্ত রাখতে পারি নাই। এহন রাইত হইলে ছোড ভাইডা শেিত কাঁপতে থাহে।"
সাউথখালীর বকুলতলা গ্রামে দেখা যায়, কামরুল শেখ ও শিল্পী বেগম দম্পতি তাদের একমাস বয়সী শিশুপুত্রকে জড়িয়ে রেখেছে কুড়িয়ে পাওয়া কাপড়ে। ঠাণ্ডা লেগে এরই মধ্যে শিশুটির কাশি শুরু হয়েছে।
এলাকাবাসী জানায়, বেশ কয়েকটি সাহায্যকারী দল খাদ্য সামগ্রী নিয়ে এলেও গরম কাপড় এখনো পাওয়া যায়নি। তাই পেটের ক্ষুধা কমলেও শীতের দাপটে অসহায় হয়ে পড়ছে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএইচবি/২১৪২ ঘ.
bdnews24