ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড় দুর্গত এলাকায় বিভিন্ন দল ও সংগঠনের ত্রাণ তৎপরতা অব্যহত রয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাম গণতান্ত্রিক মোর্চা জানায়, কেন্দ্রীয় নেতা সাইফুল হক, শুভ্রাংশ চক্রবর্তী, অ্যাডভোকেট শামছুল আলম প্রমুখর নেতৃত্বে একটি দল এরই মধ্যে দুর্গত এলাকায় রওনা হয়েছে। তারা রোববার বাগেরহাট সদর, মোড়েলগঞ্জ ও শরণখোলার দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করবে।
ছাত্র মৈত্রীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের তিনটি দল মংলা, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালিতে ত্রাণ বিতরণ করছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে সোমবার নগরীর বায়তুল মোকাররম এলাকায় ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে দুর্গত শিক্ষার্থীদের বই, খাতা, কাগজ, কলমসহ অন্যান্য শিক্ষা উপকরণও সংগ্রহ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে বাসদ (জামান) এক বিবৃতির মাধ্যমে 'ত্রাণ তৎপরতার নামে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ আগমনের' প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, "আমাদের যুদ্ধ জাহাজ নয়, খাদ্য জাহাজ প্রয়োজন।"
ছাত্র ফ্রন্ট এক সংবাদ সম্মেলনে দুর্গত এলাকায় বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের দাবি জানিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠন সভাপতি খালেকুজ্জামান লিপন, সাধারণ সম্পাদক নিখিল দাস, সাংগঠনিক সম্পাদক জনার্দন দত্ত নান্টু প্রমুখ।
এদিকে ঘূর্ণিঝড় দুর্গত শিক্ষার্থীদের সাহায্য করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দু'দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। এর আওতায় ২৮ ও ২৯ নভেম্বর টিএসসি মিলনায়তনে মোট আটটি চলচ্চিত্র দেখানো হবে। প্রতিটি টিকেট দাম ধরা হয়েছে মাত্র ২০ টাকা। ডাকসু সংগ্রহশালা, টিএসসি ফুড কর্নার ও প্রদর্শনীর আগে টিকেট কাউন্টারে টিকেট পাওয়া যাবে। এই প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করছে নর্দার্ন বিশ্ববিদ্যালয় ও ডাস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/বিআর/জেকে/২১০৫ ঘ.
bdnews24