পটুয়াখালী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের চিকিৎসক দলটি সোমবার থেকে পটুয়াখালীতে ঘূর্ণিঝড় দুর্গতদের চিকিৎসা দেয়া শুরু করেছে। পটুয়াখালী সদর হাসপাতাল থেকে এ চিকিৎসা দেয়া হচ্ছে। প্রথম দিনে প্রায় ২০০ জনকে চিকিৎসা দেয়া হয়।
ছয় সদস্যের মার্কিন চিকিৎসক দলটি সকাল ৯টা থেকে রোগী দেখা শুরু করে। স্থানীয় চিকিৎসকরা এ সময় তাদের সহায়তা করেন।
চিকিৎসাপত্রের পাশাপাশি রোগীদের দেয়ার জন্য প্রচুর ওষুধও নিয়ে আসা হয়েছে বলে চিকিৎসক দলের প্রধান কর্নেল থমাস বেইলি সাংবাদিকদের জানান। তিনি বলেন, বাংলাদেশে দুর্গতদের পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেদের ভাগ্যবান মনে করছি।
এদিকে মার্কিন সেনারা পটুয়াখালীর উপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে। কলাপাড়ায় সোমবার মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টার বিশুদ্ধ খাবার পানি দিয়ে গেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৭ ঘ.
bdnews24