ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'দুর্যোগ মোকাবেলা নীতিমালা'র আওতায় ২০ দফা কর্মসূচির ভিত্তিতে সিডরে ক্ষতিগ্রস্ত সদস্যদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে গ্রামীণ ব্যাংক। ঘূর্ণিদুর্গত এলাকায় ঋণগ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছে ব্যাংকটি। একইসঙ্গে সিডর আঘাত হানার দিন (১৫ নভেম্বর) পর্যন্ত দেওয়া ঋণকে সুদমুক্ত ঘোষণা করা হয়েছে।
নোবেল পুরস্কার বিজয়ী গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন।
তিনি জানান, সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য গ্রামীণ ব্যাংক 'দুর্যোগ মোকাবেলা নীতিমালা' করেছে। রোববার ঘোষণা করা হয়েছে এই নীতিমালা। এরই আলোকে পুনর্বাসন কাজ চলবে।
অধ্যাপক ইউনূস বলেন, "দুর্গতদের ত্রাণ, পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য সরকারকেও স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিতে হবে। কৃষিতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে ওইসব এলাকায় বিশেষ কৃষি ব্যবস্থা চালু করা দরকার।"
গ্রামীণ ব্যাংক ঘোষিত নীতিমালায় ঘূর্ণিদুর্গত এলাকার ঋণগ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় ৩০ জুন পর্যন্ত স্থগিত করার কথা জানানো হয়। এতে বলা হয়েছে, প্রয়োজনে কিস্তি আদায় স্থগিতের মেয়াদ আরও বাড়ানো হবে।
নীতিমালায় সিডর আঘাত হানার দিন (১৫ নভেম্বর) পর্যন্ত দেওয়া ঋণকে সুদমুক্ত ঘোষণার পাশাপাশি জরুরি ভিত্তিতে সুদমুক্ত গৃহঋণ দেওয়ার কথাও বলা হয়েছে।
১৫ নভেম্বর পর্যন্ত দেওয়া ঋণকে 'পুরনো ঋণ' হিসেবে চিহ্নিত করে ব্যাংকটি বলেছে, এর পর থেকে দেওয়া ঋণকে 'নতুন ঋণ' ধরা হবে।
নীতিমালায় দুর্গত এলাকার জন্য নতুন ঋণকে তিনটি ভাগ করা হয়েছে। এরমধ্যে থাকছে গৃহ নির্মাণ বা পুনঃনির্মাণের জন্য সুদমুক্ত ঋণ, সহজ ঋণ ও ডিপ্লোমা কোর্সে লেখাপড়ার জন্য শিক্ষাঋণ।
ব্যাংকের পক্ষ থেকে ব্যাপক ক্ষতিগ্রস্ত সদস্যদের গৃহনির্মাণের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। এছড়া, বেশি ক্ষতিগ্রস্ত সদস্যরা জন্য গৃহনির্মাণের জন্য পাঁচ হাজার টাকা এবং অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্তরা আড়াই হাজার টাকা ঋণ পাবে। পাশাপাশি তাদের সবাই স্যানেটারি ল্যাট্রিন তৈরির জন্য ঋণ হিসেবে পাবে পাবে এক হাজার টাকা।
নীতিমালায় বলা হয়েছে, এসব ঋণ দেওয়ার ছয় মাস পর থেকে কিস্তি আদায় শুরু হবে। যে সদস্য যত হাজার করে টাকা নেবে তারা ঠিক তত বছর টাকা পরিশোধের সময় পাবে। প্রথম বছর ঋণের কিস্তি নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। পরে সদস্যদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এর পরিমাণ বাড়ানো হতে পারে।
দুর্গত এলাকার সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সহজ ঋণ দেওয়ার কথা বলা হয়েছে ব্যাংকের নীতিমালায়। এ অনুযায়ী সদস্যরা তাদের আগের ঋণ যে পর্যন্ত পরিশোধ করেছে সেই একই পরিমাণ ঋণ আবারও দেওয়া হবে। এতে চাহিদা না মিটলে অতিরিক্ত আরও পাঁচ হাজার টাকা দেবে ব্যাংকটি। নতুন করে দেওয়া এ ঋণের মেয়াদ হবে দু'বছর।
এছাড়া, দুর্গত এলাকার ২০০৮ সালের এসএসসি বা সমমানের পরীক্ষার্থীদের ফরম পূরণের টাকা অনুদান দেওয়ারও কথা জানিয়েছে গ্রামীণ ব্যাংক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসএনডি/এমএ/১৯০৭ঘ.
bdnews24