বরিশাল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় মার্কিন সেনারা সোমবার থেকে ত্রাণ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন। এছাড়া পাকিস্তান সেনাবাহিনীর মেডিক্যাল কোরের সদস্যরা চিকিৎসা সুবিধা দিচ্ছে বলে তিনি জানান।
সোমবার বরিশাল বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এম এ মতিন বলেন দুবলার চর, শরণখোলা, কলাপাড়া, গলাচিপা এবং পাথরঘাটায় মার্কিন সেনারা খাবার পানি সরবরাহ শুরু করেছে। উপদ্রুত ওই এলাকাগুলোয় প্রতিদিন ৫০০ গ্যালন বিশুদ্ধ পানি সরবরাহ করবে তারা।
মার্কিন সেনাদের তত্ত্বাবধানে পটুয়াখালীতে ১২৫ শয্যার একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করা হচ্ছে বলে উপদেষ্টা জানান।
অপরদিকে পাকিস্তানি সেনারা পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩০ শয্যার একটি ভ্রাম্যমাণ হাসপাতাল স্থাপন করে সোমবার থেকে সেবা দেয়া শুরু করেছে বলে উপদেষ্টা মতিন জানান।
তিনি বলেন, স্থানীয় প্রশাসন এসব কাজে মার্কিন ও পাকিস্তানি সেনাদের সহায়তা করছে।
দুর্গত এলাকায় পুনর্বাসনের বিষয়ে এম এ মতিন বলেন, "এ নিয়ে সেনাবাহিনীর (বাংলাদেশ) সঙ্গে আলোচনা হয়েছে। পুর্নবাসন কাজে তারা সহায়তার আশ্বাস দিয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এসকে/১৬৩৫ঘ.
bdnews24