২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কিস্তির ভয়ে রাইতে বাড়িতে থাকি না

বরগুনা সদর থেকে খানিকটা গেলেই চর খাজুরতলা আদর্শ ছিন্নমূল গ্রাম। দূরত্বের হিসেবে সদর উপজেলা থেকে মাত্রই ৬ কিলোমিটার। অথচ ঝড়ের পর ১০ দিন চলে গেলেও সেখানে তেমন কোনো ত্রাণ তৎপরতা চোখে পড়েনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ভ্রাম্যমাণ প্রতিবেদকের। চর খাজুরতলা থেকে আবু নোমান সজীবের সরেজমিন প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

আবু নোমান সজীব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক বরগুনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বরগুনা সদর থেকে খানিকটা গেলেই চর খাজুরতলা আদর্শ ছিন্নমূল গ্রাম। দূরত্বের হিসেবে সদর উপজেলা থেকে মাত্রই ৬ কিলোমিটার। অথচ ঝড়ের পর ১০ দিন চলে গেলেও সেখানে তেমন কোনো ত্রাণ তৎপরতা চোখে পড়েনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ভ্রাম্যমাণ প্রতিবেদকের। চর খাজুরতলা থেকে আবু নোমান সজীবের সরেজমিন প্রতিবেদন: চারদিকে বিষখালী নদীর মাঝখানে দ্বীপের মতো এই চর, পড়েছে গৌরীচন্না ইউনিয়নে। এই গ্রামের ২২০টি পরিবারের সবাই কম বেশি ঘূর্ণিঝড়ের তাণ্ডবের শিকার। সোমবার খাজুরতলা আদর্শ গ্রামে গিয়ে দেখা যায়, মানুষের হাহাকার ক্রমশ রূপ নিচ্ছে ক্ষোভে। ত্রাণের দাবিতে সকাল থেকে এক দফা "অবস্থান ধর্মঘটও" করলেন সহায়-সম্বল হারানো গ্রামের মানুষজন। দুপুরে ত্রাণ দেওয়া হবে এই আশ্বাস শুনে তারা বসে আছেন। পেশায় কাঠমিস্ত্রী মো. মতিন (৫০)। চোখ মুখে অনটন আর ক্লান্তির স্পষ্ট ছাপ। কে বলবে ১১ দিন আগেও বৃদ্ধ মতিনের একটা পরিচয় ছিল; পেটে খাবার ছিল! এখন তার বসবাস 'নেই' এর সঙ্গে। "নৌ বাহিনী আমাগো পাঁচ কেজি কইরা চাল দিছিলো তিন দিন আগে, হেরপর আর কারো দেহা পাই নাই", বললেন মতিন। নিঃস্ব মতিন এখন পালিয়ে বেড়াচ্ছেন। এনজিওর ঋণের কিস্তির টাকা শোধ করতে পারবেন না- এই ভয়ে রাতে তিনি বাড়িতে থাকেন না। তিনি বলেন, "আশার লোকগর কাছ থাইক্কা ৬০০০ টাকা ঋণ নিছিলাম। এই পর্যন্ত মাত্র ১৫ কিস্তি দিতে পারছি। গেল মঙ্গলবার তারা কিস্তির টাকা নিতে আইয়ে নাই, ভাবছিলাম এই মঙ্গলবারও আইবো না। এহন শুনি তারা আইবো।" ছাগলের খামার করার জন্য ইসলামী ব্যাংক থেকেও ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন মতিন । ২৭৫ টাকা সাপ্তাহিক হারে ৪৬ কিস্তিতে মোট টাকা পরিশোধ করার কথা । এ পর্যন্ত দিতে পেরেছেন মাত্র ২৮ কিস্তি। "ঝড় আর জলোচ্ছ্বাসে মোর সব লইয়া গেছে, আমি এহন সর্বস্বান্ত", বললেন মতিন। একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী শাহিদা (৩০) বলেন, "সব ভাসাইয়া লইয়া গেছে। ভাত খাওয়ার থালা পর্যন্ত নাই। কপালে যা জুটে কলাপাতায় কইরা খাই।" শাহিদা জানালেন, এ পর্যন্ত তিনি ত্রাণ বলতে তিন দিন আগে ২ কেজি চাল পেয়েছিলেন। সরকারি বা অন্য কোনো সংস্থা এখানে আর কোনো ত্রাণ তৎপরতা চালায়নি। চেয়ারম্যানের দেখাও পাননি গত ১১ দিনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউজ্জামান জানান, বিক্ষুব্ধ গ্রামবাসী ত্রাণের দাবিতে সকালের দিকে তার অফিসের সামনে অবস্থান নিয়েছিল। তবে তাদের ৫ কেজি করে চাল দেওয়া হবে এ কথা শোনার পর তারা চলে গেছে। দুপুরে তাদের জন্য বরাদ্দকৃত চাল দেয়া হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এএল/এমআই/এসকে/১৩৪২ঘ.