বরগুনা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বরগুনা-নিশানবাড়িয়া সড়কের পাশে গর্জনবুনিয়া পশ্চিমপাড়া গ্রাম। রোববার দুপুরে গ্রামের খাস পুকুরের মোড়ে রাস্তার মাটি খুঁড়ে দাফন করা সাত বছরের ছেলের কবরের ওপর হাত রেখে নীরবে চোখের পানি ফেলছিলেন দিনমজুর মো. জসিম। আশপাশের লোকজনকে জিজ্ঞেস করলে তারা জানান, ঘূর্ণিঝড় সিডরের রাতে জলোচ্ছ্বাসে ভেসে গিয়ে মৃত্যু হয় তার একমাত্র ছেলে আল আমিন এবং শ্বশুড়-শাশুড়ির।
প্রশ্ন করতেই হাউমাউ করে কেঁদে উঠে এ প্রতিবেদককে জড়িয়ে ধরে জসিম বলেন, "স্যার, বহুত হক কইরা নবীর নামের সঙ্গে মিল রাইখ্যা অনুষ্ঠান কইরা পোলার নাম রাখছিলাম আল আমিন। আশা আছিল পোলারে লেখাপড়া হিখাইয়া ম্যালা বড় ডাক্তার বানামু। পোলা আমার গ্রামের হগলরে ফ্রি চিকিৎসা দিব। এতটুকন পোলা আমার বই থুইয়া উঠতেই চাইত না। কিন্তু মরার ঘূর্ণিঝড় আমার বাবুরে বিষখালিতে ভাসাইয়া লইয়া গেল। পোলারে না লইয়া আমারে নিল না কেন আল্লাহ।"
আলামীনের পাশেই রাস্তার সঙ্গে একই সারিতে রয়েছে আরও ১৭টি কবর। আর এই ১৭টি কবরে দাফন করা হয়েছে ৩১ জন নারী, পুরুষ ও শিশুকে। এর মধ্যে কোনো কবরে পাঁচজন পর্যন্ত আছে। জলোচ্ছ্বাসের পানিতে সারাটি গ্রামই তলিয়ে গিয়েছিল। পানি কিছুটা নামার পর বাধ্য হয়ে রাস্তার পাশেই একসঙ্গে কবর দেওয়া হয়েছে এদের।
দরিদ্র পরিবারগুলো মৃত স্বজনদের কবর দিতে পারলেও এখন পর্যন্ত কবরের চারপাশে কোনো বেড়া দিতে পারেনি। এমনকি কাফনের সাড়ে তিনহাত কাপড় পর্যন্ত জোটেনি এদের কারও কারও ভাগ্যে । আর নিহতের পরিবারের অবস্থাও তাদের চেয়ে খুব ভালো নয়। বিধ্বস্ত বাড়িঘর ছেড়ে স্বজনদের কবরের পাশেই রাস্তার দুপাশে কাঁথা বা চাদর দিয়ে ছাউনি করে কোনোমতে রাত পার করছে তারা।
গ্রামের বাসিন্দারা নতুন করে এলাকার নাম দিয়েছে গণকবর গ্রাম। গ্রামের বাসিন্দা আলতাফ মৃধা বলেন, "আমরা এইখানে স্মৃতিসৌধ বানামু। চেয়ারম্যানের মাধ্যমে টিএনও সাহেবরে তা জানাইছি। সরকার বানাইয়া না দিলে আমরা চাঁদা তুইল্যা নিজেরা বানামু।"
নিহত আল আমিনের বাবা জসীম জানান, ঝড়ের রাতে পানিতে ভেসে আরও মারা যায় তার শাশুড়ি আম্বিয়া খাতুন ও শ্বশুর আব্দুর রশিদ। একমাত্র মেয়ে দুই বছরের রোজিনাকে কোলে নিয়ে স্ত্রীর হাত ধরে একবুক পানি সাঁতরে কোনোরকমে দোতলা স্বাস্থ্য কেন্দ্রের ছাদে আশ্রয় নেওয়ায় প্রাণে রক্ষা পান তারা তিনজন।
জসীম বলেন, "ঝড়ের রাইতে পুবের বাতাস বাড়তেই থাকে। এক সময় পানির চাপে ঘর ভাইঙ্গা পড়লে আমি চাপা পড়ি। দুই হাত দিয়া ঘর ধইরা রাইখে বউ আর শ্বশুর শাশুড়িকে ছেলেমেয়েগো নিয়া হাসপাতালের দিকে দৌড়াতে কই। কিন্তু হেরা আমারে থুইয়া যাবে না। শেষে তিনজন মিল্যা আমারে টাইনা হেছড়াইয়া বাইর করনের পর হগলে মিইল্যা হাসপাতালের দিকে ছুডি। পানি তখন মাজার সমান। দেখতে দেখতে চোকখের নিমেষে পানি বুকেত উইঠ্যা পড়ে।"
জসিম জানান আত্মরক্ষার জন্য ছোটার সময়ই হঠাৎ প্রবল এক ঢেউ এসে তার ছেলে আর শ্বশুর-শাশুড়িকে ভাসিয়ে নিয়ে যায়। ছেলে আল আমিন ছিল তার নানির কোলে।
"শ্বশুর-শাশুড়ি আর আমার পোলাটারে চোকখের সামনে বিষখালি নদীত ভাসাইয়া লইয়া গেল"-ডুকরে কেঁদে উঠলেন জসিম।
bdnews24