ঢাকা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিদুর্গত এলাকায় গ্রামীণ ব্যাংক ঋণগ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত করেছে। একই সঙ্গে সিডর আঘাত হানার দিন (১৫ নভেম্বর) পর্যন্ত দেওয়া ঋণকে সুদমুক্ত ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া গ্রামীণ ব্যাংক জরুরি ভিত্তিতে সুদমুক্ত গৃহঋণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে । রোববার ব্যাংকটি দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত এ নীতিমালা ঘোষণা করে।
নীতিমালায় আরও বলা হয়েছে ক্ষতিগ্রস্ত লোকজনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য ব্যাংকটি নতুন ঋণ দেবে।
এতে বলা হয়, ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় মানুষ প্রতিদিন অনাহার-অর্ধাহার এবং শীতের সঙ্গে যুদ্ধ করছে। এ পরিস্থিতিতে প্রতি সপ্তাহে ঋণের কিস্তি পরিশোধ তাদের কাছে বড় দায় হয়ে দাঁড়িয়েছে। তাই গ্রামীণ ব্যাংক ২০০৮ সালের ৩০ জুন পর্যন্ত কিস্তি আদায় স্থগিত করেছে। প্রয়োজন হলে কিস্তি আদায় স্থগিতের মেয়াদ আরো বাড়ানো হবে।
১৫ নভেম্বর পর্যন্ত দেওয়া ঋণকে পুরনো ঋণ হিসেবে চিহ্নিত করে ব্যাংকটি বলেছে, ২০০৭ সালের ১৫ নভেম্বর পর্যন্ত আদায়যোগ্য যেসব ঋণ রয়েছে তার উপর কোন সুদ ধরা হবে না।
১৫ নভেম্বরের পর থেকে যে ঋণ দেওয়া হবে তাকে নতুন ঋণ হিসেবে চিহ্নিত করা হবে।
নীতিমালায় দুর্গত এলাকার জন্য নতুন ঋণকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এরমধ্যে থাকছে গৃহ নির্মাণ বা পুননির্মাণের জন্য সুদমুক্ত ঋণ, সহজ ঋণ ও ডিপ্লোমা কোর্সে লেখাপড়ার জন্য শিক্ষা ঋণ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএইচবি/০২০৮ ঘ.
bdnews24