সোহেল পারভেজ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
মংলা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুবলারচরের যে নৌকাগুলো আগে মাছ ধরার কাজে ব্যবহার হতো, সিডরের আঘাতের পর সেগুলো পরিণত হয়েছে ত্রাণের নৌকায়। দুর্গত এলাকায় এসব নৌকায় করেই পৌঁছে দেওয়া হচ্ছে চাল, বিস্কুট, ওষুধ আর শুকনা কাপড়। ঝড়ের পর সপ্তম দিন বৃহস্পতিবারেও পচা গলা লাশ পাওয়া যাচ্ছিল কোথাও কোথাও। সেজন্য নৌকাগুলোতে রাখা হয়েছে কাফনের কাপড়।
দুবলার চরে এখন মানুষ হরিণ আর বানরের লাশ একই খালে, একই জঙ্গলে। বৃহস্পতিবার পর্যন্ত এ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে দুইশরও বেশি মানুষের লাশ।
দুবলার চর এলাকার ত্রাণ কাজের সমন্বয় করছেন সহকারি কমিশনার এ এস এম শাহেদুল ইসলাম। তিনি জানান, নিহতদের যাতে সুষ্ঠুভাবে দাফন করা হয় সেজন্যই প্রতিটি নৌকায় কাফনের কাপড় আর কোদাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সঠিক কোনো পরিসংখ্যান না থাকায় এই চর এলাকায় ঠিক কতজন নিখোঁজ রয়েছে বা মারা গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কেন এত জেলে মারা গেল-এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে শাহেদুল ইসলাম বলেন, "আমি নিজেই ১৫টি মৃতদেহ দাফন করেছি। সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পরই আমি এ ব্যাপারে কথা বলতে পারব।"
ছয় থেকে নয়টি ছোট চর নিয়ে ৮০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে দুবলারচর। উপকূলীয় এই চর এলাকায় ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের সংখ্যা মাত্র পাঁচটি। এর প্রতিটিতে এক হাজার মানুষ আশ্রয় নিতে পারে। এ ছাড়া বন বিভাগের একটি বাতিঘরও রয়েছে এখানে।
দুবলারচরের জেলে ও শ্রমিকরা জানায়, এলাকার মাত্র পাঁচটি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সবাই আশ্রয় না পেয়ে ঝড়ের সময় অনেকেই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তাছাড়া বিপদ সংকেতকে গুরুত্ব না দেওয়ার কারণেও নিহতের সংখ্যা বেড়েছে।
স্থানীয়রা ও কর্তৃপক্ষ জানায়, নভেম্বর-মার্চ সময়টি দুবলার চর এলাকায় মূল কাজের মৌসুম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলে ও শ্রমিকরা এ সময় এখানে চুক্তিভিত্তিক কাজ করতে আসে। কাজে যোগ দেওয়ার আগে তাদের কিছু পারিশ্রমিক আগাম হিসেবে দেওয়া হয়। বাকিটা তারা পায় কাজ শেষ হওয়ার পর। তবে শর্ত থাকে, মৌসুম শেষ হওয়ার আগে কেউ চর ছেড়ে যেতে পারবে না।
শ্রমিকরা অভিযোগ করেছেন, চরে আসার পর মালিকরা তাদের দিয়ে অমানুষিক পরিশ্রম করায়। পালানোর চেষ্টা করে ধরা পড়লে কপালে জোটে নির্মম পিটুনি। মালিকের হাত থেকে পালাতে পারলেও অনেককে হতে হয় বাঘের খাদ্য।
ঘূণিঝড় থেকে বেঁচে যাওয়া রতন বলেন, "যত বড় বিপর্যই আসুক, আমরা এখানে থাকতে বাধ্য। ঘূর্ণিঝড় এলেও বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয় না। আমার আত্মীয়রা এখনো জানে না, ঘূর্ণিঝড়ের পর আমি বেঁচে আছি না কি মরে গেছি।"
বেঁচে যাওয়া আরেক শ্রমিক হাফিজুর জানান, তেলের খরচ দেওয়ার প্রস্তাব দেওয়ার পরও তার মালিক তাকে বাড়ি যেতে দেয়নি। বরং মালিক মোহাম্মদ হান্নান উল্টো তাকে বলেছে, বড় ধরনের কোনো ঝড় হবে না, চিন্তার কিছু নেই।
দুবলার চরে ট্রলার মালিক সাবের হোসেনের অধীনে কাজ করে ২০০ জনেরও বেশি শ্রমিক। ঝড়ের আগে শ্রমিকদের কেন নিরাপদ আশ্রয়ে যেতে দেওয়া হয়নি জানতে চাইলে তিনি দাবি করেন, "আমার কোনো লোক মরে নাই। আমি অনেকরেই আশ্রয়কেন্দ্রে যাইতে কইছিলাম।"
দুবলার চর এলাকায় বেসামরিক প্রশাসনের সঙ্গে নৌ বাহিনীও ত্রাণ কাজে সহায়তা করছে।
নৌ বাহিনীর জাহাজ তুরাগের কমান্ডার কায়সার আলম জানান, আবহাওয়ার সংকেতগুলো সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতা থাকায় প্রাণহানি বেড়েছে। তবে আশ্রয়কেন্দ্রের সংখ্যা বেশি থাকলে মৃতের সংখ্যা কম হতে পারতো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/এমএইচবি/২৩২৬ ঘ.
bdnews24