বাগেরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা উপজেলার ঘূর্ণিবিধ্বস্ত একটি গ্রাম মরা ভোলা। ভোলা নদী মরে গিয়ে দিয়ে গেছে চর, তাই এই নাম। ঝড়ে চরটির ব্যাপক ক্ষতি হলেও সীমান্ত জটিলতার কারণে গত ১০ দিনে সরকারি কোনো ত্রাণ পায়নি সেখানকার প্রায় ৬০টি পরিবার। অমানবিক এই পরিস্থিতির কথা জানাচ্ছেন অলীপ ঘটক।
সিডরের ভয়ঙ্কর ছোবলে নিঃস্ব গ্রামের শেফালি, মজিবর, মোহসীন, পেয়ারা বেগম, ফজর আলী, মার্জিয়া বেগমরা সব হারানোর হাহাকার নিয়ে অপেক্ষায় আছেন সরকারি সহায়তার।
এক সময় মরা ভোলা ছিল মংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নভুক্ত, আর এখন তা চলে গেছে মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের আওতায়। ঝড়ের তিন দিন পর গ্রামটির অসহায় মানুষগুলো জানতে পারেন সীমান্তের নতুন বিভাজনের কারণে সবচেয়ে কাছের মিঠাখালি ইউনিয়নের চেয়ারম্যান তাদের ত্রাণ দিতে পারবেন না। অন্যদিকে জিউধরা ইউনিয়নের চেয়ারম্যানও ওই ৬০টি পরিবারকে তার আওতায় ধরে নিতে নারাজ।
এই জটিলতার জালে বন্দি ৬০ পরিবারের কাছে গত ১০ দিনে কোনো সরকারি ত্রাণ পৌছায়নি।
সিডরের তাণ্ডব দক্ষিণের জেলাগুলো ওলটপালট করে দিলেও আইন এখনও অটল। আর তাই মরা ভোলার সব হারানো মানুষগুলোকে সহায়তার ক্ষেত্রে আইনই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রায় দেড় সপ্তাহেও তাদের জোটেনি খাবার, শীতবস্ত্র, মাথার ওপর একটি ছাউনি তোলার সামর্থ্যও তাদের নেই।
মরা ভোলার শেফালি (৩৫) বলেন, "বইন্যার (ঝড়) রাইতে মোর ঘর উইড়্যা গ্যাছে। এখন মোরা আছি খালি আসমানের তলে।"
শেফালি জানান, মিঠাখালি ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা শাহজাহানের কাছে তারা ত্রাণের জন্য গেলে উল্টো তিনি জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম স্বপনের কাছে যাওয়ার পরামর্শ দেন।
একইভাবে ফজর আলী, পিয়ারা বেগম, মজিবর সবাই গিয়েছেন শাহজাহান ও স্বপন চেয়ারম্যানের কাছে। কিন্তু কপালে ত্রাণ জোটেনি।
মিঠাখালি ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা শাহজাহান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মিঠাখালি এবং জিউধরা ইউনিয়নের সীমান্ত সমস্যার কারণে ৬০টি পরিবারকে ত্রাণ দেয়া যাচ্ছে না।"
একই কারণে এসব পরিবারের সদস্যদের ভোটার করা যায়নি বলেও তিনি জানান।
অবশ্য মরা ভোলার মজিবর বিডিনিউজ টয়েন্টিফোর ডটকমকে জানান, গত নির্বাচনে মিঠাখালি ইউনিয়নের ভোটার হিসেবে তারা ভোট দিয়েছেন। কিন্তু এবার তাদের ভোটার বা পরিচয়পত্রের জন্য নিবন্ধন করা হয়নি।
ক্ষুব্ধ মজিবর বলেন, "ভোট বড় কথা না, আমরা হগলে না খাইয়া আছি। আমরা কোন ইউনিয়নের লোক হেইডাই এহন দেহ্যা হইতেছে। এডা সরকারের এটা কোন নিয়ম?"
এ বিষয়ে মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেহেদী হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রোববার টেলিফোনে বলেন, "সিডরের শিকার কিছু মানুষ ওই এলাকায় রয়েছে। দুটি ইউনিয়ন এবং দুটি উপজেলার সীমান্ত বা ম্যাপ জটিলতার কারণে তাদের ত্রাণ দেওয়া যাচ্ছে না।"
তিনি আরও বলেন, "আমার উপজেলার মিঠাখালি ইউনিয়নের নামে ত্রাণ বরাদ্দ করা হয়েছে। কিন্তু ৬০টি পরিবার এখন আর মিঠাখালির বাসিন্দা না হওয়ায় তাদের দেওয়া যাচ্ছে না। এক্ষেত্রে আমাদের হাত-পা বাঁধা, আমরা কিছুই করতে পারবো না।"
অন্যদিকে, মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণকান্ত বিশ্বাস রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি আমি এই প্রথম শুনলাম। জিউধরা ইউনিয়নের চেয়ারম্যান এবং তহশীলদারকে ডেকে আমি খবর নেবো। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এসকে/২১৪৫ঘ.
bdnews24