২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনারা ত্রাণ পরিবহনসহ তিনটি কাজ করবে

ত্রাণ তৎপরতায় সহায়তা করতে আসা মার্কিন মেরিন সেনারা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ পরিবহন, পানি বিশুদ্ধকরণ ও চিকিৎসা সেবা দেবেন। তারা কোথায় কিভাবে কাজ করবেন এবং কতদিন বাংলাদেশে থাকবেন সে ব্যাপারে সিদ্ধান্ত হবে সোমবার। রোববার বিকালে সেনা সদরে সশস্ত্র বাহিনী বিভাগের সংবাদ ব্রিফিংয়ে জেনারেল স্টাফ অফিসার-২ মেজর জেএম ইমদাদুল ইসলাম বলেন, "জরুরি ত্রাণ পরিবহন, পানি বিশুদ্ধকরণ ও চিকিৎসা সেবা দেওয়াই মেরিন সেনাদের মূল কাজ হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ত্রাণ তৎপরতায় সহায়তা করতে আসা মার্কিন মেরিন সেনারা ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ পরিবহন, পানি বিশুদ্ধকরণ ও চিকিৎসা সেবা দেবেন। তারা কোথায় কিভাবে কাজ করবেন এবং কতদিন বাংলাদেশে থাকবেন সে ব্যাপারে সিদ্ধান্ত হবে সোমবার। রোববার বিকালে সেনা সদরে সশস্ত্র বাহিনী বিভাগের সংবাদ ব্রিফিংয়ে জেনারেল স্টাফ অফিসার-২ মেজর জেএম ইমদাদুল ইসলাম বলেন, "জরুরি ত্রাণ পরিবহন, পানি বিশুদ্ধকরণ ও চিকিৎসা সেবা দেওয়াই মেরিন সেনাদের মূল কাজ হবে।" তিনি বলেন, রোববার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সশস্ত্রবাহিনীর দীর্ঘ বৈঠক হয়েছে। বৈঠকে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তারা কতদিন থাকবেন, কোথায় কীভাবে কাজ করবেন এসব বিষয়ে সোমবার বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। মার্কিন মেরিন সেনারা রোববার বিকেলে দুর্গত এলাকার কিছুকিছু জায়গা ঘুরে দেখেছেন বলেও মেজর ইমদাদুল ইসলাম জানান। তিনি আরো জানান, পাকিস্তান থেকে দুটি জাহাজ ২৭ নভেম্বর শুভেচ্ছা সফরে আসছে। তারা ত্রাণসামগ্রীও নিয়ে আসবে। মেজর ইমদাদ বলেন, দুর্গত কিছু কিছু এলাকায় হেলিকপ্টার অবতরণ করতে পারছে না। এ জন্য ত্রাণসামগ্রী হেলিকপ্টার থেকে নিচে ফেলা হচ্ছে। এ অবস্থায় ওইসব এলাকার প্রতিটি ইউনিয়নে হেলিকপ্টার অবতরণের জন্য হেলিপ্যাড করার নির্দেশ দেওয়া হয়েছে। দুএকদিনের মধ্যেই নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। তিনি জানান, সশস্ত্র বাহিনীর কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী রয়েছে। এই মুহূর্তে বিভিন্ন জায়গায় আনুমানিক পাঁচ'শ টন ত্রাণসামগ্রী মজুদ আছে। এর মধ্যে শুধু ঢাকায় আছে প্রায় আড়াই'শ টন। প্রতিদিন গড়ে ৫০ থেকে ৫২ টন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়ে থাকে জানিয়ে তিনি বলেন সে হিসাবে ঢাকা থেকে সশস্ত্র বাহিনী বিভাগ আরো অন্তত পাঁচদিন ত্রাণ বিতরণ করতে পারবে। মেজর ইমদাদ আরো বলেন, এ পর্যন্ত ৫৩০ টন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সহায়তা চেয়ে সশস্ত্র বাহিনীর খোলা ব্যাংক হিসাবে জমা পড়েছে প্রায় ৬০ লাখ টাকা। তিনি বলেন, নতুন করে আর মৃতের সংখ্যা বাড়েনি। সর্বশেষ হিসাব অনুয়ায়ী মৃতের সংখ্যা তিন হাজার ১৯৯। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /এলএইচ/এমএসবি/এসকে/২০৫২ঘ.