২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোরেলগঞ্জে ত্রাণের চাল কালোবাজারে, আটক ২

বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে রোববার ত্রাণের ১৫ বস্তা চালসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। স্থানীয়দের অভিযোগ, জিউধরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল ওই চাল কালোবাজারে বিক্রি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 02:55 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বাগেরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়নে রোববার ত্রাণের ১৫ বস্তা চালসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। স্থানীয়দের অভিযোগ, জিউধরা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল ওই চাল কালোবাজারে বিক্রি করেছেন। এ ঘটনায় রফিকুল ইসলাম ও আটক দুজনসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন শহিদুল ইসলাম নামে এক গ্রামবাসী। এলাকাবাসী জানায়, জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী বাজার থেকে রোববার সকালে ১৫ বস্তা ত্রাণের চালসহ ব্যবসায়ী মতিয়ার রহমান বাদশা (৪০) ও তার কর্মচারী আলম ফরাজীকে (৪৫) আটক করা হয়। ঘূর্ণিঝড় দুর্গতদের মধ্যে বিতরণের জন্য ঠাকুরণতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা চালের বস্তাগুলো নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাদের ধরে ফেলে গ্রামবাসী। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার রোববার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "জিউধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলের ঘনিষ্ঠ শাজাহান ফরাজী আট হাজার টাকার বিনিময়ে এই চাল বিক্রি করেছে বলে স্বীকার করেছে আটক মতিয়ার।" অন্যদিকে, ত্রাণ বিতরণ সমন্বয়কারী উপজেলার ভূমি কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান বলেন, এ ঘটনার সঙ্গে জিউধরা ইউনিয়নের এক সদস্য ও দুজন চৌকিদার জড়িত আছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। এই নিয়ে গত চার দিনে কালোবাজারে চাল বিক্রির অভিযোগে বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জ উপজেলায় তিনটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৫০ ঘ.