২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ কাজে সমন্বয়ের অভাব

ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর নয় দিন পেরিয়ে গেলেও অনেক দুর্গত এলাকাতেই যে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি তা স্বীকার করেছে সরকার। আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ ও যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম এ সমন্বয়ের সমস্যার কথা বলেছেন। ত্রাণ কাজে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 02:47 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর নয় দিন পেরিয়ে গেলেও অনেক দুর্গত এলাকাতেই যে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি তা স্বীকার করেছে সরকার। আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ ও যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলাম এ সমন্বয়ের সমস্যার কথা বলেছেন। ত্রাণ কাজে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন তারা। রোববার তথ্য মন্ত্রণালয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের বার্তা সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের পর তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, "সরকার দুর্গত এলাকার মানুষদের সহয়তা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলে ও কৃষকদের দ্রুত ও সহজ শর্তে ঋণ দেয়ার চিন্তাভাবনা চলছে।" সুষ্ঠুভাবে ত্রাণ কাজের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য প্রয়োজন বলে উল্লেখ করে উপদেষ্টা বলেন, "এ নিয়ে কেউ যাতে অরাজকতার সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে প্রতিহত করতে হবে।" ঘূর্ণিঝড়ের পর ৯ দিন পেরিয়ে গেলেও সব জায়গায় ত্রাণ না পৌঁছানোর কথা স্বীকার করে মইনুল বলেন, "সেখানে এখন হাহাকার চলছে। একটা ত্রাণের প্যাকেট পাওয়ার পর আরেকটি প্যাকেট পাওয়া যাবে কি না, দুর্গত মানুষ তা জানে না। এটাও সত্যি যে, এখনো অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। এত অল্প সময়ের মধ্যে তা করা সম্ভবও নয়। তবে সরকার সব জায়গায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে।" বেসরকারি পর্যায়ের ত্রাণ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিতরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, "যারা ত্রাণ দিতে চায়, সরকার তাদের স্বাগত জানাবে। তবে তা অবশ্যই সমন্বয়ের মাধ্যমে বিতরণ করতে হবে। তা না হলে কেউ একাধিকবার পাবে, আর কেউ বঞ্চিত থেকে যাবে।" সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদও সমন্বয়ের ওপর জোর দিয়েছেন। স্থানীয়ভাবে ত্রাণ কাজে অংশ নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে জেনারেল মইন রোববার বলেন, "আপনারা আমাদের সঙ্গে সমন্বয় করুন; যাতে করে আপনাদের ত্রাণ আমরা দুর্গতদের হাতে পৌঁছে দিতে পারি।" সমন্বয়ের অভাবের কারণেই যে অনেক এলাকায় ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে তা স্বীকার করেছেন যশোরের সেনানিবাসের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল রফিকুল ইসলামও। বরিশাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে রোববার বিকেলে তিনি সাংবাদিকদের বলেন, বেসরকারি পর্যায়ে যারা ত্রাণ দিচ্ছেন সরকারের সঙ্গে তাদের সমন্বয়ের অভাব রয়েছে। দেখা যাচ্ছে একই জায়গায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বেসরকারি সংস্থা ও স্থানীয় সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। অথচ পাশের আরেকটি এলাকায় হয়তো টানা কয়েকদিনেও যাচ্ছে না ত্রাণকর্মীরা। এ কারণে সরকারি-বেসরকারি বা ব্যক্তিগত পর্যায়ে ত্রাণ বিতরণের আগে স্থানীয় প্রশাসন ও সেনা ক্যাম্পের সঙ্গে যোগাযোগের জন্য আহবান জানান জেনারেল রফিক। সরকারি হিসাবে গত ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর রোববার পর্যন্ত তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছে এক হাজারেরও বেশি মানুষ। উপকূলীয় এলাকার ২০০ উপজেলার ৬৮ লাখ ৫১ হাজার ৮১৯ মানুষ এই প্রলয়ঙ্করী ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলকাগুলোতে সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত ৫০ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চাল বিতরণ করা হয়েছে ৯ হাজার ৭৯০ টন। এছাড়া ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়েছে ঢেউটিন, কম্বল, তাঁবু, হাঁড়ি ও শুকনো খাবার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/এমআরএফ/জেকে/২০৩৯ঘ.