ঢাকা ,২৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সিডর উপদ্রুতদের কষ্ট লাঘবে তাদের সাহায্যার্থে দ্রুত এগিয়ে আসার জন্য দাতাদেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
কৃষি ও পরিবেশ উপদেষ্টা সিএস করিম রোববার সন্ধ্যায় রাজধানীর র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এক বৈঠকে দাতাদেশগুলোর রাষ্ট্রদূতদের এ আহান জানিয়ে বলেন, "আশা করি এ আহ্বানে সবাই সচকিত হবেন। আমরা যদি কর্তব্য পালনে ব্যর্থ হই বা অবহেলা করি তা হবে একটি অমার্জনীয় অপরাধ।"
(আরো তথ্যসহ সমন্বিত)
বৈশ্বিক উষ্ণতাবৃদ্ধির প্রতি ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, সাগরের পানির উচ্চতা মাত্র কয়েক ফুট বৃদ্ধি পেলে বাংলাদেশের ১৭% ভূমি জলমগ্ন হবে এবং এর ফলে ৩ কোটি মানুষ গৃহহীন বা পরিবেশগত উদ্বাস্তুতে পরিণত হবে।
উন্নয়ন সহায়তার মধ্যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিবেচনার জন্য সনির্বন্ধ অনুরোধ জানিয়ে দাতাদেরকে তিনি বলেন, "দয়া করে মনে রাখবেন, উন্নয়নের জন্য আমাদের একটি নিজস্ব লক্ষ্যমাত্রা রয়েছে।"
জলবায়ু পরিবর্তনজনিত পরিবেশের ক্ষতি ঠেকানোর প্রযুক্তির যাতে অনেক বেশি দাম পড়ে না যায় সে ব্যাপারে রাষ্টদূতদের দৃষ্টি আকর্ষণ করে উপদেষ্টা বলেন, "দয়া করে ওই সব প্রযুক্তির খুব বেশি দাম ধরবেন না।"
আইপিআর (ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস) এবং টিআরআইপিএস (অ্যাগ্রিমেন্ট অন ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অব ইনটেলেকচুয়াল প্রপার্টি রাইটস) জ্ঞান বিনিময়ে অন্তরায় হয়ে দাঁড়ায় উল্লেখ করে উপদেষ্টা বলেন, পরিবেশগত বিপর্যয় ঠেকাতে বাংলাদেশেরও কিছু অভিজ্ঞতা আছে যা আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনাদের জ্ঞানও আমরা কাজে লাগাতে চাই।
তিনি জলবায়ু নিয়ে গবেষণার জন্য জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্থাপনের আহ্বান জানান যেখানে সবার অংশগ্রহণের সুযোগ থাকবে।
প্রসঙ্গত, বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বিশ্বব্যাপী ইনটেলেকচুয়েল প্রপার্টির ব্যাপারে উন্নয়নশীল দেশগুলোর ওপর টিআরআইপিএস চুক্তি আরোপ করেছে। এই চুক্তি মেনে চলতে ব্যর্থ হলে বাণিজ্য নিষেধাজ্ঞার মতো শাস্তির বিধান রাখা হয়েছে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্বল্পতম সময়ের মধ্যে পাঁচ থেকে সাড়ে পাঁচ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে আনা। দেশটির কৃষির উৎপাদনে জলবায়ুর পরিবর্তন মারাত্মক প্রভাব ফেলছে বলে উল্লেখ করেন তিনি।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাগেরহাট জেলায় তার অভিজ্ঞতার উল্লেখ করে সিএস করিম বলেন, "আমাদেরকে ক্ষুদ্র ঋণের কৌশল পুনর্বিবেচনা করতে হবে।" উপদেষ্টা বলেন, দরিদ্র ঋণগ্রহীতারা তাকে বলেছেন, ওই অর্থ কিভাবে পরিশোধ করবেন সে চিন্তায় তারা অস্থির।
অভিযোগ পাওয়া গেছে যে, পল্লী অঞ্চলে অনেক এনজিও ঋণের কিস্তি পরিশোধের জন্য গ্রাহকদের চাপ দিচ্ছে। তবে কয়েকটি এনজিও ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত করেছে। দৃশ্যত সমালোচনার মুখে তারা এ উদ্যোগ নেয়।
সিএস করিম ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হওয়া সুন্দরবনকে তার আগের সৌন্দর্যে ফিরিয়ে আনার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, এই সুন্দরবন সিডরের ঝাপটা ঠেকানোর কাজ করেছে। "তা না হলে আমাদের আরও অনেক বেশি লোক মারা যেত এবং সম্পদহানি হতো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এডি/এসকে/১৯৪৪ঘ.
bdnews24