২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের খালে এবার ভেসে এলো বাঘের মৃতদেহ

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যু প্রায় আড়াল করে দিয়েছিল সুন্দরবনের পশুপাখিদের কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 01:07 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বাগেরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ব্যাপক সংখ্যক মানুষের মৃত্যু প্রায় আড়াল করে দিয়েছিল সুন্দরবনের পশুপাখিদের কথা। আবহাওয়াবিদরা বলছেন, স্থলভাগের ওপর ঝড়ের তীব্রতা কমিয়ে আনতে সুন্দরবনের রয়েছে বিরাট ভূমিকা। অনেকটা বুক পেতেই যেন উপকূলের মানুষকে রক্ষা করেছে প্রাকৃতিক এ বন। এতে সহজেই অনুমেয়, কী মাত্রার তাণ্ডব চলেছে এ বনের ওপর দিয়ে; কেমন অসহায় ছিল বনের রাজারাও। তার প্রমাণ বেরিয়ে এলো রোববার। বনের এক রাজার মৃতদেহ উদ্ধার হলো বনেরই খাল থেকে। সুন্দরবন পূর্ব বিভাগের ঢাংমারী খাল থেকে বনকর্মীরা পূর্ণবয়স্ক ওই রয়েল বেঙ্গল টাইগারের অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার করে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম শহীদুল্লাহ জানান, চাঁদপাই রেঞ্জের ঢাংমারী টহল ফাঁড়ি এলাকার একটি খাল থেকে উদ্ধার করা ওই পুরুষ বাঘটি লেজসহ আট ফুট পাঁচ ইঞ্চি লম্বা। তিনি জানান, ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পর এই প্রথম সুন্দরবন থেকে কোনো রয়েল বেঙ্গল টাইগারের দেহ উদ্ধার করা হল। ঝড়ের পর পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ৩১টি চিত্রল হরিণের মৃতদেহ উদ্ধার করা হয়। বন বিভাগের ধারণা, ঝড়ে সুন্দরবনে একাধিক রয়েল বেঙ্গল টাইগারসহ অসংখ্য বন্য প্রাণি মারা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৫ ঘ.