২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ নিয়ে 'অরাজকতা' ঠেকাতে সতর্ক থাকুন: মইনুল হোসেন

দুর্যোগ ও ত্রাণ নিয়ে কেউ যাতে 'অরাজকতা' সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। একইসঙ্গে তিনি বলেছেন, এখনো সব জায়গায় ত্রাণ পাঠানো সম্ভব না হলেও সরকার আন্তরিকতার সঙ্গে সবাইকে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 12:04 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ ও ত্রাণ নিয়ে কেউ যাতে 'অরাজকতা' সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। একইসঙ্গে তিনি বলেছেন, এখনো সব জায়গায় ত্রাণ পাঠানো সম্ভব না হলেও সরকার আন্তরিকতার সঙ্গে সবাইকে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রোববার তথ্য মন্ত্রণালয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের বার্তা সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তথ্য উপদেষ্টা এ কথা বলেন। সাংবাদিকদের মইনুল হোসেন বলেন, "সরকার দুর্গত এলাকার মানুষদের সহয়তা করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জেলে ও কৃষকদের দ্রুত ও সহজ শর্তে ঋণ দেয়ার চিন্তাভাবনা চলছে। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সাহায্য প্রয়োজন। এ নিয়ে কেউ যাতে অরাজকতার সৃষ্টি করতে না পারে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে প্রতিহত করতে হবে।" ঘূর্ণিঝড়ের পর ৯ দিন পেরিয়ে গেলেও সব জায়গায় ত্রাণ না পৌঁছানোর কথা স্বীকার করে মইনুল বলেন, "সেখানে এখন হাহাকার চলছে। একটা ত্রাণের প্যাকেট পাওয়ার পর আরেকটি প্যাকেট পাওয়া যাবে কি না, দুর্গত মানুষ তা জানে না। এটাও সত্যি যে এখনো অনেক জায়গায় ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। এত অল্প সময়ের মধ্যে তা করা সম্ভবও নয়। তবে সরকার সব জায়গায় ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে।" বেসরকারি পর্যায়ের ত্রাণ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিতরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, "যারা ত্রাণ দিতে চায়, সরকার তাদের স্বাগত জানাবে। তবে তা অবশ্যই সমন্বয়ের মাধ্যমে বিতরণ করতে হবে। তা না হলে কেউ একাধিকবার পাবে, আর কেউ বঞ্চিত থেকে যাবে।" ত্রাণ সামগ্রী নিয়ে আসা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রসঙ্গে তিনি বলেন, "এটা আমাদের সৌভাগ্য যে যুক্তরাষ্ট্রের জাহাজ ত্রাণ নিয়ে বাংলাদেশে এসেছে। তারা ইতোমধ্যে ত্রাণ বিতরণ শুরু করেছে। আমরা আনুষ্ঠানিকভাবে সাহায্য চাওয়ার আগেই তারা সাহায্য করতে এসেছে, এটা ইতিবাচক।" গণমাধ্যমকেও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, "দেশে এক মহাদুর্যোগ ঘটেছে। দুর্যোগের প্রকৃত তথ্য ও খবরের জন্য সরকার গণমাধ্যমের ওপর নির্ভর করছে। সরকার যাতে জনগণের কল্যাণে সব কিছুর ব্যবস্থা করতে পারে, সেজন্য গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।" যৌথবাহিনী আগে থেকেই মাঠ পর্যায়ে থাকায় ত্রাণ বিতরণ ও দুর্যোগ মোকাবেলা সহজ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসকে/১৭৫৬ঘ.