২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশুদ্ধ পানির অভাব উপকূলজুড়ে

যে পানিকে ঘিরে ছিল জীবন, সে পানিই এখন বিষিয়ে তুলেছে দক্ষিণের জনপদ। একদিকে পানীয় জলের অভাব; অন্যদিকে লাশ ও গবাদি পশুর মৃতদেহ পচে নদী আর পুকুরগুলোকে করে তুলেছে বিষাক্ত। বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর তীরবর্তী এলাকার বর্ণনা দিচ্ছেন গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 08:41 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বাগেরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যে পানিকে ঘিরে ছিল জীবন, সে পানিই এখন বিষিয়ে তুলেছে দক্ষিণের জনপদ। একদিকে পানীয় জলের অভাব; অন্যদিকে লাশ ও গবাদি পশুর মৃতদেহ পচে নদী আর পুকুরগুলোকে করে তুলেছে বিষাক্ত। বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর তীরবর্তী এলাকার বর্ণনা দিচ্ছেন গোলাম মর্তুজা অন্তু। সাউথখালী ইউনিয়নে এমন কোনো পুকুর বা জলাশয় নেই, যার পানি ব্যবহারযোগ্য। মানুষের লাশগুলো সরিয়ে নেয়া হলেও গবাদি পশুর মৃতদেহ সরানোর কোনো উদ্যোগ নেই। পুকুরের পানির রংও এখন কালো। কটু গন্ধে নাক চাপা দিতে হয়। সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ী খাল ধরে দক্ষিণ সাউথখালী ইউনিয়নের দিকে এগোতেই ১৫ মিনিটের জলপথে অন্তত ৩০টি গরু-মহিষের মৃতদেহ ও একটি শিশুর লাশ চোখে পড়ে। তাফালবাড়ি রায়েন্দা গ্রামের লোকজন মালেক ফকিরের পুকুর বলে পরিচিত স্থানীয় একটি ছোট পুকুরের পানি পান করছে। সে পুকুরের পানিও কালো হয়ে আছে। গোলেনূর নামে এক বৃদ্ধা ও তার ছেলে শহীদুল ওই পুকুর থেকে কলসি ভরে পানি তুলছিলেন। গোলেনূর জানালেন, ঝড়ের পর তারা এ পুকুরের পানি পান করছেন। পুকুরের মালিক মালেক ফকির বললেন, "পুকুরে পাউডার দিয়ে এর পানি বিশুদ্ধ করা হয়েছে।" কী পাউডার দিয়েছেন- প্রশ্ন করতেই তিনি একটি মাছের ভাইরাস প্রতিরোধক 'একোয়া জেট পাউডার'র প্যাকেট বের করলেন। এই পুকুরের পানি পান করে ডায়রিয়ায় ভুগছেন ফুলমিয়া সিকদার ও জোহরা বেগম। সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেনের আশঙ্কা, এখনই কোনো ব্যবস্থা না নিলে এলাকায় মহামারী আকারে রোগ-ব্যাধি ছড়িয়ে পড়বে। তিনি বললেন, "এমনিতেই আমাদের এলাকার মানুষের খাবার পানির সঙ্কট। বেশিরভাগ লোক পুকুরের পানিই ফুটিয়ে খেতো। দু-একটি চাপকল (টিউবওয়েল) থাকলেও সেগুলোর পানি লোনা। পুকুরগুলোর পানি বিষাক্ত হয়ে পড়ায় মানুষ চরম দূর্ভোগের মধ্যে রয়েছে।" তিনি মনে করেন, এ সঙ্কট নিরসনে জোরদার পরিচ্ছন্নতা অভিযান জোরদার এবং নতুন পুকুর খনন করা জরুরি। বিষয়টি নিয়ে প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে যোগাযোগ চলছে বলেও জানান চেয়ারম্যান। ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হোসেন বলেন, "পুকুরগুলো যদি দ্রুত পরিষ্কার করা না হয় তবে এ এলাকায় পেটের পীড়া মহামারী আকারে ছড়াতে সময় লাগবে না।" এ এলাকায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে এর আগে কাজ করেছিল বেসরকারি সংস্থা এনজিও ফোরাম। ফোরামের কর্মকর্তা জোশেফ হালদার বললেন, "পুরো শরণখোলা উপজেলায় শতভাগ স্যানিটেশন কাভারেজ ছিল। এখন এক ভাগও নেই।" তার মতে, যেহেতু এ এলাকার পুকুরগুলোতে মূলত বৃষ্টির পানি জমিয়ে রাখা হয়। তাই আগামী বর্ষার আগে এ পুকুরগুলোর পানি খাওয়ার উপযোগী করা সম্ভব নয়। তাই বিশুদ্ধ পানির জন্য এ এলাকায় আপাতত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের কোনো বিকল্প নেই। এ এলাকায় যারা ত্রাণ দিতে আসছেন তারাও জানালেন বিশুদ্ধ পানির অভাবের কথা। তাফালবাড়ী স্কুলে মঙ্গলবার থেকে একটি লঙ্গরখানা খুলেছে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন। ছাত্র ইউনিয়নের এক নেতা জানান, প্রথম দিন তারা বাগেরহাট থেকে পানি নিয়ে এসেছিলেন। এখন তারা সেনাবাহিনীর সরবরাহ করা পানি ব্যবহার করছেন। শরণখোলা ইউনিয়নের রায়েন্দা বাজার, কোন্তাকাটা, ধানসাগর ইউনিয়নেও বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট দেখা যায়। এখানকার জলাধারে মৃতদেহ ভাসতে দেখা না গেলেও পানি কালো হয়ে আছে। সেনাবাহিনীসহ বিভিন্ন সংগঠন পানি সরবরাহ করছে। অনেক সংগঠন পুকুর থেকে পানি তুলে বিশেষ ফিল্টারের মাধ্যমে সেগুলো বিশুদ্ধকরণ করে সাধারণ মানুষের মধ্যে বিলি করছেন। কিন্তু তা পর্যাপ্ত নয়। এলাকার হাসিনা বিবি, রুস্তম আলী, লুৎফর রহমান জানালেন, তারা ঘূর্ণিঝড়ের পর মাত্র দুই দিন গোসল করেছেন। চারপাশের পানি এতো পচা যে গোসল করলেই শরীর চুলকায়, ফুসকুড়ি ওঠে। সুন্দরবন সংলগ্ন মংলা উপজেলার চাঁদপাই ইউনিয়ন ঘুরেও পানীয় জলের তীব্র অভাব দেখা যায়। সুন্দরবন ইউনিয়ন পরিষদের সদস্য খান নাসির বললেন, "এখন খাবার পানিই সবচে বড় সমস্যা। আগে এলাকার মানুষ বৃষ্টিতে জমিয়ে রাখা পানি ও পুকুরে মিঠা পানি পান করলেও এ ইউনিয়নের সবগুলো পুকুরই নষ্ট হয়ে গেছে। খাবার পানি আনার জন্য কয়েক কিলোমিটার দূরে যেতে হচ্ছে। সেটা সবার পক্ষে সম্ভব হচ্ছে না।" ইউপি সদস্য ফিরোজা বেগম বললেন, "খারাপ পানি পান করে ডায়রিয়াসহ পেটের পীড়া ছড়াচ্ছে। সবার আগে খাবার পানির ব্যবস্থাই করা উচিত।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/জিএনএ/১৪৩০ ঘ.