বাগেরহাট, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সব হারানো দুবলার জেলেরা আবারো নেমেছে বেঁচে থাকার লড়াইয়ে, জীবিকার সংগ্রামে। স্বজন হারানোর ব্যথা মনের গহীনে লুকিয়ে পূর্ণিমা তিথির শুরুতেই সাগরে নৌকা ভাসিয়েছেন তারা।
পূর্ণিমা তিথিতে শুক্রবার থেকে বেশ কিছু মৎস্যজীবী জাল নিয়ে মাছ ধরতে সাগরে ঢুকেছে বলে জানান সুন্দরবন পূর্ব বিভাগের দুবলা ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম।
তবে লোকবলের অভাবে দুবলার বিভিন্ন চর ও বনভূমিতে আটকে পড়া দেড় শতাধিক ট্রলার এখনো উদ্ধার করা যায়নি। ঝড়ে প্রায় ২০ ফুট উঁচু ঢেউয়ের আঘাতে এসব ট্রলার চরের অনেক ভেতরে এসে পড়ে।
তাজুল ইসলাম বলেন, দুবলা জেলেপল্লীর ভেদাখালী, মাঝের চর, অফিস কেল্লাসহ বিভিন্ন চরে এখনো শতাধিক মাছ ধরা ট্রলার আটকে আছে। লোকবলের অভাবে এ সব ট্রলার সাগরে টেনে নামানো যাচ্ছে না।
দুবলা জেলে পল্লীর আলোর কোল, অফিস কেল্লা, মেহের আলী, নারকেলবাড়িয়া ও মাঝের চরে এখন অন্তত ১০ থেকে ১২ হাজার মৎস্যজীবী রয়েছে। ঘূর্ণিঝড়ের দিন সেখানে প্রায় ১৬ হাজার মৎস্যজীবী ছিল।
এদিকে, মৎস্যজীবীদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করতে নৌ-বাহিনীর জাহাজ বিএনএস সুরমাযোগে পাঁচটি ভ্রাম্যমাণ পানি শোধন প্লান্ট মংলা থেকে দুবলার পথে রয়েছে। জাইকার একটি দল ওই পানি শোধন প্লান্ট নিয়ে আসছে।
১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়ে দুবলার জেলে পল্লী। বনকর্মীরা জেলেপল্লীর বিভিন্ন চর থেকে মোট ৬৩টি লাশ উদ্ধার করে। তবে এখনো নিখোঁজ রয়েছে অসংখ্য জেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪২২ ঘ.
bdnews24