ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সরকারি-বেসরকারি পর্যায়ে ত্রাণ তৎপরতা গতি পেলেও পরিমাণ অপর্যাপ্ত হওয়ায় দুর্গত এলাকায় ধূমায়িত হচ্ছে ক্ষোভ। পর্যাপ্ত ত্রাণের দাবিতে শনিবার পটুয়াখালীর দুমকি উপজেলায় মিছিল করেছে কয়েকশ মানুষ।
পটুয়াখালী ও বাগেরহাট থেকে ত্রাণ নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে । তবে স্থানীয় কর্তৃপক্ষ বলছে, অব্যস্থাপনা নয়, ত্রাণের পরিমাণ অপ্রতুল হওয়ার কারণেই দুর্গতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
এদিকে জাতিসংঘের শিশু তহবিল শনিবার জানিয়েছে, দ্রুত ত্রাণ পৌঁছানো না গেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়বে দক্ষিণাঞ্চলের ২৫ লাখ শিশু।
দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও গৃহ নির্মাণসহ সার্বিক র্কাযক্রমের সমন্বয়ের জন্য সরকার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করেছে। কমিটির প্রধান হিসেবে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন বরিশালে অবস্থান করে কাজের তদারকি করবেন।
সেনাবাহিনী জানিয়েছে, বঙ্গোপসাগরে দুটি জাহাজে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নৌসেনারা দু'একদিনের মধ্যে ত্রাণ কাজ শুরু করবে। বিভিন্ন দেশ ও সংস্থা থেকে এসেছে আরও সাহায্যের আশ্বাস।
স্বাস্থ্যঝুঁকির মুখে ২৫ লাখ শিশু
জাতিসংঘের শিশু তহবিল শনিবার জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে প্রায় ২৫ লাখ শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে।
ইউনিসেফ বাংলাদেশ এর স্বাস্থ্য ও পুষ্টি বিভাগের প্রধান ড. ইয়রলুমুন উহা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদককে বলেন, "দুর্গত এলাকায় হাজার হাজার নারী ও শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী দুর্গত ৫০ লাখ মানুষের মধ্যে অর্ধেকই শিশু। এদের মধ্যে ৬ লাখের বয়স আবার ৫ বছর বা তারও কম। এদের কাছে দ্রুত সাহায্য নিয়ে পৌঁছানো না গেলে আসছে শীত মৌসুমে ক্ষুধা আর পানিবাহিত রোগ ছাড়াও ঠাণ্ডার কারণে ঝুঁকি আরো বেড়ে যাবে।"
কোস্ট ট্রাস্ট এর হিসাবে কৃষিতে ক্ষতি আড়াই হাজার কোটি টাকা
শনিবার জাতীয় প্রেস ক্লাবে কোস্ট ট্রাস্ট বাংলাদেশের এক সেমিনারে জানানো হয়, দুই দফা বন্যা ও ঘূর্ণিঝড়ে এবছর আনুমানিক ১৮ লাখ টন খাদ্য শস্য থেকে বঞ্চিত হবে বাংলাদেশ।
সেমিনারে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান বলেন, সিডরের কারণে চিংড়ি খাতে ২৫০ কোটি টাকা, কৃষিতে ২৫০০ কোটি টাকা এবং সরাসরি আর্থিক ক্ষতি হয়েছে ৪৬০০ কোটি টাকার। এছাড়া প্রাথমিক হিসাবে সুন্দরবনের যে ক্ষতি হয়েছে তা পূরণ হতে ৪০ বছর লাগবে।
মৃতের সংখ্যা
ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পর ৮ দিন পেরিয়ে গেলেও মৃতের সংখ্যা নিয়ে সমন্বয়হীনতা কাটেনি।
শনিবার বিকেলে সশস্ত্র বাহিনী বিভাগের প্রেস ব্রিফিংয়ে ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত ৩ হাজার ১৯৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের হিসাবে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মৃতের সংখ্যা ৩ হাজার ৫৯।
সশস্ত্র বাহিনী বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা উইং গত ১৯ নভেম্বর সন্ধ্যায় জানিয়েছিল, ওই সময় পর্যন্ত তারা ৩১১৩ জনের মৃত্যুর খবর পেয়েছে।
ত্রাণ নিতে গিয়েও মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শনিবার দুপুরে ত্রাণ নিতে গিয়ে সেতু ধসে তিন ব্যক্তি মারা গেছে। এ ঘটনায় শতাধিক আহত হয়েছে এবং বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক নূরুল কবির ঝুনু জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে কলাপাড়ার চাকামুইয়া সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি সিমেন্ট কোম্পানি সেতুর ঢালে ত্রাণ বিতরণ করছিল। এ খবর পেয়ে ত্রাণের জন্য সেতুর ওপর হাজার হাজার দুর্গতের ঢল নামে। এক পর্যায়ে এটি ধসে পড়ে।
ঘটনাস্থলে সেনা ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ চালায়।
ত্রাণের অভাবে ক্ষোভ, মিছিল
পর্যাপ্ত ত্রাণের দাবিতে শনিবার পটুয়াখালীর দুমকি উপজেলায় মিছিল করেছে কয়েকশ মানুষ।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী প্রতিনিধিকে জানান, চর আলগী থেকে আসা কয়েকশ মানুষের ওই মিছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাওয়ার পথে দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিভার্সিটি স্কোয়ারের কাছে এলে পুলিশ বাধা দেয়। পরে মিছিলকারীদের একটি দল ইউএনও এর সঙ্গে দেখা করে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুখ আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ত্রাণের জন্য কিছু লোক একসঙ্গে ইউএনও এর সঙ্গে দেখা করতে চাচ্ছিল। তবে যেহেতু জরুরি অবস্থা চলছে, তাই তাদের বুঝিয়ে কয়েকজনকে ইউএনও কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।"
পটুয়াখালী জেলার অধিকাংশ স্থানে ত্রাণ পৌঁছালেও পরিমাণে তা খুবই কম। সবচে ক্ষতিগ্রস্ত এলাকা মির্জাগঞ্জের চরখালীতে খোলা হয়েছে একটি আশ্রয় কেন্দ্র। স্কুল শিক্ষক আবদুল খালেক জানান, আশ্রয় কেন্দ্রের মানুষেরা দারুণ কষ্টে আছে।
চরলতার শের আলী জানান, তার এলাকায় পাঁচ কেজি করে চাল দেওয়া হয়েছে যা চরের অর্ধেক মানুষই পায়নি। বিতরণ করা বিস্কুট পেয়েছে চরের মাত্র এক তৃতীয়াংশ মানুষ।
বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের মোশাররফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিকে জানান, শুক্রবার দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ত্রাণ পাননি তিনি। এর প্রতিবাদ করেছিলেন বলে ইউপি সদস্য মশিউর রহমান পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছে। কথা বলার সময় তার কাপড় প্যাঁচানো বাঁ হাতটি গলা থেকে ঝুলছিল। তবে ইউপি সদস্য মশিউর রহমান এ অভিযোগের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি।
মোড়েলগঞ্জের বলইবুনিয়া, বারুইখালী, পুটিখালী, বহরবুনিয়া, পঞ্চকরণ ইউনিয়নেও ত্রাণ নিয়ে অব্যবস্থার অভিযোগ পাওয়া গেছে।
বলইবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গুয়াবাড়িয়া গ্রামের ভ্যানচালক রুস্তমের স্ত্রী নূরুন্নাহার (২৭) জানান, ঝড়ের রাতে গাছচাপা পড়ে তার স্বামী মারা গেছেন। এক শিশু সন্তান নিয়ে তিনি এখন অসহায়। ক্ষতিপূরণ হিসাবে তিনি ১০ হাজার টাকা পাবেন বলে শুনেছেন। "এখনও কেউ তো সেই টাকা দিলো না", বললেন নূরুন্নাহার।
মধ্যম বরিশাল গ্রামের জাহানুর বেগম (৭০) অভিযোগ করেন, ত্রাণ দেওয়া হচ্ছে শুনে তিনি কয়েকবার ইউনিয়ন পরিষদে গেছেন। কিন্তু কেউ তাকে কোনো সহযোগিতা করেনি।
স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আমির হোসেনের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ জানান জাহানুর (৭০), মেহেনূর (৬০) ও শিউলী (৩৫)।
তবে আমির হোসেন বলেন, "আমার এলাকার তিন হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমি সরকারিভাবে কার্ড পেয়েছি মাত্র ১২৫টি। এ কারণে মানুষ আমার ওপর ক্ষুব্ধ হচ্ছে। আমি কী করব ?"
সমন্বয় করবেন যোগাযোগ উপদেষ্টা
দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও গৃহ নির্মাণসহ সার্বিক র্কাযক্রমের সমন্বয় করতে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন এর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি করা হয়েছে। উপদেষ্টাসহ কমিটির সদস্যরা বরিশালে অবস্থান করে কাজের তদারকি করবেন।
শনিবার বিকালে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য ৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং গৃহ নির্মাণ বাবদ প্রতি পরিবারের জন্য নগদ অনুদান হিসেবে পাঁচ থেকে ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।
ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত
দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় স্থগিত করেছে বেসরকারি সংস্থা আশা। এছাড়া গ্রামীণ ব্যাংক ও সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ (স্যাপ) এর গলাচিপা শাখার কর্মকর্তারা দুই সপ্তাহের জন্য কিস্তি আদায় স্থগিত করার কথা জানিয়েছে।
বঙ্গোপসাগরে মেরিন সেনা
আগামী দু'একদিনের মধ্যে বাংলাদেশে ত্রাণ কাজ শুরু করবে যুক্তরাষ্ট্রের মেরিনরা। তাদের বহনকারী জাহাজ দুটি বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বরিশালে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ আলী জানান, যুক্তরাষ্ট্রের নৌসেনারা ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম শুরুর আগে হেলিকপ্টার ওঠানামার স্থান নির্ধারণ ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা, লিয়াজোঁ অফিস ও জাহাজের নোঙরের স্থান নির্ধারণের কাজ করছে।
আরও সাহায্যের আশ্বাস
ঘূর্ণিদুর্গতদের জন্য জরুরি ত্রাণ সাহায্য হিসেবে আরো ৬০ লাখ ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এর আগে গত ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার পরপরই আন্তর্জাতিক সংস্থাটি ৯০ লাখ ডলার সাহায্যের ঘোষণা দিয়েছিল।
শনিবার জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহে ঘূর্ণিদুর্গতদের জন্য সাহায্যের পরিমাণ আরো বাড়ানো হবে।
এছাড়া নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড ও ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অফ কমার্স (বিবিসিসি) দেবে প্রায় ৭০ কোটি টাকা। শুক্রবার এ চারটি দেশ ও বিবিসিসি এ কথা জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/এলএইচ/এএসএস/জেকে/এসকে/
bdnews24