২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুবলারচর জেলেপল্লী থেকে ১৩ শিশু উদ্ধার

জেলার দুবলারচর জেলেপল্লী থেকে শনিবার ১৩ শিশুকে উদ্ধার করা হয়েছে। মংলা উপজেলা প্রশাসনের সহায়তায় পুলিশ এদের উদ্ধার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 05:54 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বাগেরহাট, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার দুবলারচর জেলেপল্লী থেকে শনিবার ১৩ শিশুকে উদ্ধার করা হয়েছে। মংলা উপজেলা প্রশাসনের সহায়তায় পুলিশ এদের উদ্ধার করে। উদ্ধার করা শিশুরা হল- নারায়ণগঞ্জের ফতুল্লার পলাশ আহমেদ (১৫), সোনারগাঁও গ্রামের মো. শফিকুল ইসলাম (১৬), ঢাকার কামরাঙ্গীর চরের ফারুক হোসেন (১৭), চাঁদপুরের কচুয়ার ইমান আলী (১৩) ও চাঁদপুরের রাসেল (১৪), রংপুরের রফিক (১৫), কুমিল্লার মো. ইব্রাহীম (১৫) ও নজরুল ইসলাম (১৬), মাদারীপুরের আলমগীর (১৬), কিশোরগঞ্জের নয়ন (১৫), চট্টগ্রামের মো. ইউনুস (১৬), সুনামগঞ্জের রফিক (১৫) ও সিলেটের আমির উদ্দিন (১৫)। মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকৃত পলাশের ভগ্নিপতি আসাদুজ্জামান ও ভাই হাবিব মংলায় এসে পলাশের খোঁজ করলে তিনি তাদের দুবলারচর পাঠানোর ব্যবস্থা করেন। সিডর আঘাত হানার পর তারা নিখোঁজ পলাশকে খুঁজতে খুঁজতে এখানে আসেন। তিনি জানান, সেখানে (দুবলারচরে) ত্রাণ কাজে দায়িত্বরত বাগেরহাটের নির্বাহী হাকিম শাহিদুর রহমানকে ঘটনাটি জানায় উপজেলা প্রশাসন। পরে শাহিদুর রহমান পুলিশ ও আশপাশের এলাকায় উদ্ধার কাজে নিয়োজিত নৌবাহিনীর সদস্যদের সহযোগিতায় শিশুদের উদ্ধার করে। মেহেদী হাসান আরো জানান, শিশুদের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দিয়ে বাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার পাওয়া পলাশ সাংবাদিকদের জানায়, ভাল কাজের কথা বলে এক দালাল তাকে কুতুবদিয়ায় এনে বহদ্দারের কাছে দেড় হাজার টাকায় বিক্রি করে দেয়। চাঁদপুরের ইমানকেও কুতুবদিয়ায় এনে আটশ' টাকায় বিক্রি করে গেছে দালালরা। দুবলারচরে এ রকম আরো অনেক শিশু রয়েছে বলে জানিয়েছে উদ্ধার করা শিশুরা। শিশুরা আরো জানায়, বহদ্দার তাদের একটি ঘরে আটকে রেখেছিল। পুলিশ ও অন্যদের দেখে তারা ঘর থেকে বের হয়ে আসে। ফলে তাদের উদ্ধার করা সহজ হয়ে যায়। প্রসঙ্গত, দুবলারচরে শুঁটকি চাতালের বহদ্দারদের (ট্রলার ও জালের মালিক) দালালরা টাকার বিনিময়ে দেশের বিভিন্ন স্থান থেকে শিশুদের কাজ দেওয়ার কথা বলে এখানে নিয়ে আসে। চরের জেলেপল্লীতে এ শিশুদের শ্রমদাস হিসেবে কাজ করতে বাধ্য করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৬ ঘ.