২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আটদিন পর প্রথম ত্রাণ পেল বরগুনার গোলবুনিয়ায় মানুষ

ঘূর্ণিঝড়ের আটদিন পরে শনিবার প্রথমবারের মতো ত্রাণ পেল বরগুনা সদর উপজেলার বড় লবনগোলা গ্রামের মানুষ। শনিবার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সেখানে ত্রাণ বিতরণ করা হয়। তবে তলিকায় নাম না থাকায় খালি হাতে ফিরতে হয়েছে অনেককেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 05:46 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বরগুনা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড়ের আটদিন পরে শনিবার প্রথমবারের মতো ত্রাণ পেল বরগুনা সদর উপজেলার বড় লবনগোলা গ্রামের মানুষ। শনিবার এফবিসিসিআইয়ের পক্ষ থেকে সেখানে ত্রাণ বিতরণ করা হয়। তবে তলিকায় নাম না থাকায় খালি হাতে ফিরতে হয়েছে অনেককেই। "শীতের কাপড় দেওগো বাজান, মইরা যামু ঠায়," গোলবুনিয়া বাজারে ত্রাণ নিতে এসে শীতে কাঁপতে কাঁপতে এ কথাগুলো বলেন সত্তরোর্ধ মোহাম্মদ মৃধা। ত্রাণের তালিকায় নাম না থাকায় ৫ কেজি চাল তার ভাগ্যে জোটেনি। মৃধা জানান, ঘূর্ণিঝড়ে তাকে এখন আকাশের নিচে রাত কাটাতে হচ্ছে। পরনে একখানা ছেঁড়া কাপড় আর ছেঁড়া জামা ছাড়া তার কিছুই নেই। চোখের পানি মুছতে মুছতে অসহায়ত্বের কথা জানায় সবহারা কিশোরী বিউটি বেগমও (১২)। গত বছর তার বাবা মকবুল আকন মারা গেছে। এবারের ঘূর্ণিঝড়ে মারা গেলো মা সালেহা বেগম। ঘূর্ণিঝড়ে তার ঘর গেছে। শীতে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটছে তার। বেড়ি বাঁধের বাইরে বসবাসকারী গোলবুনিয়া গ্রামের মোসলেম মাঝির স্ত্রী সালেহা বেগম, নুরুল ইসলামের স্ত্রী রানী বেগম, জয়নাল সিকদার, হোসনেয়ারা, সোনা মিয়া, মিনারা বেগমসহ ৩৬টি পরিবারের দুই শতাধিক মানুষ এখন দিন কাটাচ্ছে এক কাপড়ে। এ ঠাণ্ডায় থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। এফবিবিসআইয়ের দেওয়া ত্রাণ পায়নি তাদের অনেকেই। খাবার দরকার। কিন্তু এই শীতে এক খণ্ড কাপড়ের জন্যও আকুতি জানালেন তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৪১ ঘ.