২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপকূলীয় এলাকায় আরও এক হাজার আশ্রয়কেন্দ্র নির্মিত হবে

উপকূলীয় এলাকায় সরকার আরও এক হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫০০টি আশ্রয়কেন্দ্র জরুরিভিত্তিতে নির্মাণের জন্য ইতোমধ্যেই প্রকল্প প্রণয়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ উপকূলীয় এলাকার জনগণের জানমাল রক্ষায় আবহাওয়া সতর্কীকরণ পদ্ধতি সহজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 05:40 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-উপকূলীয় এলাকায় সরকার আরও এক হাজার আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৫০০টি আশ্রয়কেন্দ্র জরুরিভিত্তিতে নির্মাণের জন্য ইতোমধ্যেই প্রকল্প প্রণয়নের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ উপকূলীয় এলাকার জনগণের জানমাল রক্ষায় আবহাওয়া সতর্কীকরণ পদ্ধতি সহজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। শনিবার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এ তথ্য জানান। সম্মেলনে ঘুর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এবং সরকারের গৃহীত ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরা হয়। আইয়ুব মিয়া বলেন, দুর্যোগ-কবলিত এলাকায় এ পর্যন্ত আট হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই সেখানে আরও সাত হাজার মেট্রিক টন খাদ্যশস্য সরবরাহ করা হবে। এ পর্যন্ত গৃহনির্মাণ বাবদ ৪৭ কোটি টাকা ও ১৩ হাজার বান্ডিল ঢেউটিন দুর্গতদের মাঝে বিতরণের জন্য পাঠানো হয়েছে। এছাড়া গৃহনির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত দের টিন কিনতে আরও ২০ কোটি টাকা সরাসরি দেয়া হবে। তিনি বলেন, সরকারিভাবে বরাদ্দ দেয়া এবং বিভিন্ন দাতা দেশ ও সংস্থার পক্ষ থেকে আসা ত্রাণ সামগ্রী গ্রহণের জন্য বিমান বন্দরে একটি অস্থায়ী অফিস খোলা হয়েছে। দুর্গত এলাকায় খাদ্য ও ত্রাণ সামগ্রী গ্রহণ ও বিতরণের জন্য বরিশালে একটি আঞ্চলিক সমন্বয় অফিস খোলা হয়েছে। কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ এসব মনিটরিং করবে। সচিব জানান, দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে ওয়াসা বোতলজাত পানি পাঠাচ্ছে। এছাড়া জনস্বাস্থ্য বিভাগ ওইসব এলাকায় ৫০০ গভীর নলকুপ স্থাপনের উদ্যোগ নিয়েছে। কয়েকটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি প্ল্যান্ট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, ইতোমধ্যেই ৭৩২ জন চিকিৎসককে জরুরিভিত্তিতে দুর্গত এলাকায় যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। রোববারের মধ্যেই তারা সেখানে যাবেন। আইয়ূব মিয়া বলেন, দুর্গতদের সাহাযার্থে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার পক্ষ থেকে এ পর্যন্ত ৪৬০ মিলিয়ন মার্কিন ডলারের আশ্বাস পাওয়া গেছে। এর মধ্যে বিশ্বব্যাংক ২৫০ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ২০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য দেবে। অন্য দেশগুলো আরো ১৯০ মিলিয়ন ডলার সাহায্যের আশ্বাস দিয়েছে। তিনি জানান, মঙ্গলবার দাতা দেশ ও সংস্থাগুলোর সঙ্গে সরকারের বৈঠকে আরো সাহায্যের আশ্বাস পাওয়া যাবে। দাতাদের সাহায্যের অঙ্ক ২০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে তিনি মন্তব্য করেন। বিদেশি সাহায্যের মধ্যে সৌদি আরব ১০০ মিলিয়ন ডলার, ভারত ২২ মিলিয়ন ডলার, জাপান ১৮ মিলিয়ন ডলার, কুয়েত ১০ মিলিয়ন ডলার, ইউরোপীয় কমিশন নয় মিলিয়ন ডলার, জাতিসংঘ সাত মিলিয়ন ডলার, যুক্তরাজ্য পাঁচ দশমিক ১৬ মিলিয়ন ডলার, কানাডা তিন মিলিয়ন ডলার, অস্ট্রেলিয়া দুই দশমিক ৭৫ মিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্র দুই দশমিক ৩৫ মিলিয়ন ডলার দিয়েছে বলে জানানো হয়। ড. আইয়ুব মিয়া জানান, দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ এবং তাদের পুনর্বাসন বিষয়ে মতবিনিময় করতে রোববার ব্যবসায়ীদের সঙ্গে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী বৈঠক করবেন। ওই বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেয়া হতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/পিসি/এসকে/২৩২৬ঘ.