ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ ও গৃহ নির্মাণসহ সার্বিক র্কাযক্রমের সমন্বয় করতে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন এর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে। উপদেষ্টাসহ কমিটির সদস্যরা বরিশালে অবস্থান করে কাজের তদারকি করবেন।
শনিবার বিকালে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের এ কথা জানান।
বৈঠকে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য ৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় এবং গৃহ নির্মাণ বাবদ প্রতি পরিবারের জন্য নগদ অনুদান হিসেবে পাঁচ থেকে ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।
ফাহিম মুনেম জানান, যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন এই সমন্বয় কমিটির নেতৃত্বে থাকবেন। এছাড়া স্থানীয় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বিভাগীয় কমিশনারসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারাও কমিটিতে থাকছেন।
অনেক দুর্গত এলাকায় ত্রাণ না পৌঁছানোর কারণ জানা গেছে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, "এর কারণ খোঁজা হয়নি। তবে আজকের (শনিবার) বৈঠকে ত্রাণ কার্যক্রম আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ১৪টি হেলিকপ্টার দুর্গত এলাকায় কাজ শুরু করেছে। আশা করছি, এখন থেকে সব দুর্গত এলাকায় প্রয়োজন অনুযায়ী ত্রাণ পৌঁছানো সম্ভব হবে।"
তিনি জানান, ১ ডিসেম্বর থেকে দুর্গত জেলাগুলোতে ২৫ হাজার ৮০০ ভিজিএফ কার্ড চালু করা হবে। এসব কার্ডের বিপরীতে প্রত্যেক পরিবারকে মাসে ১৫ কেজি করে চাল দেওয়া হবে। কোনো পরিবারের বেশি চাল প্রয়োজন হলে বিভাগীয় কমিশনার তা বিবেচনা করবেন। আগামী মার্চ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য বৈঠকে ৯০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহ নির্মাণ বাবদ প্রতি পরিবারের জন্য নগদ অনুদান হিসেবে পাঁচ থেকে ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিভাগীয় কমিশনার এ অনুদানের বিষয়টি সমন্বয় করবেন।
মাছ চাষীদের জন্য স্থানীয় ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা যায় কি না সে বিষয়ে আলোচনা হলেও বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সাগরে জেলেদের কাছে আবহাওয়ার পূর্বাভাস পৌঁছানোর জন্য কমিউনিটি রেডিও সার্ভিস চালুর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
পুরনো সাইক্লোন সেন্টার ও বাঁধ মেরামত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এ জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে দাতা দেশগুলোর সঙ্গে যোগযোগ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
দুর্গত এলাকার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি সম্পর্কে ফাহিম মুনেম বলেন, "আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করা সম্ভব হবে। তবে পাথরঘাটা ও শরণখোলায় বিদুৎ দিতে আরো সময় লাগবে। সেখানে একটি উচ্চ ক্ষমতার জেনারেটর পাঠানো হয়েছে। শিগগিরই আরো তিনটি পাঠানো হবে।"
বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে দুর্গত এলাকায় সেনাবাহিনী তিনটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপণ করেছে। পানির লবণাক্ততা দূর করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর আরো একটি প্ল্যান্ট কাজ শুরু করেছে। এই প্ল্যান্টের মাধ্যমে প্রতি ঘণ্টায় ১০ হাজার লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। পাশাপাশি ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অগভীর নলকূপ স্থাপন শুরু করেছে বলে জানান ফাহিম মুনেম।
তিনি আরো জানান, জরুরি চিকিৎসা সেবা দিতে দুর্গত এলাকায় ৬৯০টি মেডিকেল টিম কাজ করছে। পাকিস্তানের পাঠানো ৩০ শয্যার একটি ভ্রাম্যমাণ হাসপাতালও সেবা দেয়া শুরু করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/জেকে/এমএ/১৮৪৫ঘ.
bdnews24