২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগে এ বছর দেশে ১৮ লাখ টন খাদ্যশস্য নষ্ট হয়েছে

চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৮ লাখ খাদ্য শস্য নষ্ট হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে কোস্ট ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত 'জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত বালি সম্মেলন : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষতিপুরণ' শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 02:29 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চলতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৮ লাখ খাদ্য শস্য নষ্ট হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে কোস্ট ট্রাস্ট বাংলাদেশ আয়োজিত 'জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত বালি সম্মেলন : জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও ক্ষতিপুরণ' শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। সেমিনারে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ড. কাজী খলিকুজ্জামান বলেন, দু'দফা বন্যা ও ঘূর্ণিঝড় সিডরের কারণে আনুমানিক ১৮ লাখ টন খাদ্যশস্য ক্ষেতেই নষ্ট হয়েছে। এটার পূরণের জন্য কৃষি পুনর্বাসন করতে হবে। তিনি বলেন, "খাদ্য থাকলেই হবে না, তা যেন দুর্গতদের কাছে পৌঁছে সেটা নিশ্চিত করতে হবে। ঋণ নয়, অনুদান দিয়ে দুর্গতদের ঘরবাড়ি নির্মাণ করে দিতে হবে।" কাজী খলিকুজ্জামান সতর্ক করে দিয়ে বলেন, বন্যার কারণে জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। এসব কারণে কৃষি উৎপাদনশীলতা কমে যাচ্ছে। এতে ভয়াবহ খাদ্য পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ড. খলিকুজ্জামান বলেন, দুর্যোগ মোকাবেলায় আমাদের দীর্ঘ মেয়াদী কোনও পরিকল্পনা নেই। যখনই দুর্যোগ ঘটে তখনই যাই। জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত যতগুলো দেশ ঝুঁকিপর্ণ তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। সেমিনারে বলা হয়, সিডরের আঘাতে চিংড়ি খাতে ২৫০ কোটি টাকা, কৃষিতে ২৫০০ কোটি টাকা এবং সরাসরি আর্থিক ক্ষতি হয়েছে ৪৬০০ কোটি টাকার। প্রাথমিক হিসাব অনুসারে সুন্দরবনের যে ক্ষতি হয়েছে তা পুরণ হতে ৪০ বছর লাগবে। এতে বলা হয়, ২০০৭ সালে বাংলাদেশে দীর্ঘস্থায়ী বন্যা ও সাগরে ১১টি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। ১৯৮০ থেকে ২০০০ সাল পর্যন্ত বিশ্বে ঘূর্ণিঝড়ে যে আড়াই লাখ মানুষ মারা গেছে তার ৬০ ভাগই বাংলাদেশের। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে উপকূলীয় এলাকায় ভাঙন বাড়ছে। জমি ক্রমশ লবণাক্ত হয়ে পড়ছে বলে উপকূলীয় এলাকায় কৃষিভিত্তিক পরিবারের সংখ্যা হ্রাস পাচ্ছে। গত ৫ বছরে বিশ্বের বিভিন্ন দুর্যোগের কথা উল্লেখ করে সেমিনারে জানানো হয় এ সময়ে প্রাকৃতিক দুর্যোগ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০০৪ সালের সুনামিতেই শুধু ২ লাখ ৮০ হাজার মানুষ মারা গেছে। চীন, ভারত, মধ্য আমেরিকা ও ইউরোপের কিছু অংশের ভয়াবহ বন্যা,নাইজারে দুর্ভিক্ষ,মালাওয়িতে খরা ও মঙ্গা ,যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় 'ক্যাটরিনা' ও 'রিটা'র কথা উল্লেখ করা হয় সেমিনারে। এতে উল্লেখ করা হয়, ২০০৪ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে সারা বিশ্বে প্রায় ১২৩ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্টের গবেষক মো. সামছুদোহা। বক্তব্য রাখেন আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ড. মাহমুদ হাসান, বিএনপির সাবেক এমপি শামসুজ্জামান দুদু, ড. মেহেদী হাসান আনসারী, নইম গওহর ওয়ারা, রাশেদ আল তিতুমীর, জিয়াউল হক মুক্তা এবং উপকূলীয় জেলা থেকে আসা বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কোস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০২১ঘ.