২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা

প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিধ্বস্ত দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের মানুষ এখন নেমেছে নতুন করে বেঁচে থাকার লড়াইয়ে। ভিটেমাটি, সহায়সম্বল সব হারানো এসব মানুষ আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সাগর থেকে আসা জলোচ্ছ্বাসে নিঃস্ব উপকূলের জেলেরা জীবিকার তাগিদে আবার সেই সাগরের অভিমুখী হতে শুরু করছেন। উপকূলের সিডর বিধ্বস্ত জনপদ থেকে ফিরে লিখছেন সঞ্জয় দে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2007, 12:54 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিধ্বস্ত দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলের মানুষ এখন নেমেছে নতুন করে বেঁচে থাকার লড়াইয়ে। ভিটেমাটি, সহায়সম্বল সব হারানো এসব মানুষ আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। সাগর থেকে আসা জলোচ্ছ্বাসে নিঃস্ব উপকূলের জেলেরা জীবিকার তাগিদে আবার সেই সাগরের অভিমুখী হতে শুরু করছেন। উপকূলের সিডর বিধ্বস্ত জনপদ থেকে ফিরে লিখছেন সঞ্জয় দে। উপকূলের প্রত্যন্ত চর এলাকা ঘুরে দেখা যায়, নিঃস্ব মানুষদের কাছে শুক্রবার পর্যন্ত পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি। রয়েছে তীব্র পানি ও ওষুধ সঙ্কট। প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তারা। এরপরও কেউ কেউ নিজের যেটুকু সামান্য সম্বল তাই দিয়ে নতুন ঘর তোলার চেষ্টা করছেন। এদেরই একজন পটুয়াখালী জেলার আমতলী উপজেলার বড় বগিয়া ইউনিয়নের বাদল (২০)। প্রতিবছর শুটকির মৌসুমে মাছ ধরতে চলে যান বাড়ি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের আশার চরে। এবার ঝড়ের রাতেও তাদের ট্রলার নোঙর করেছিল সেই চরে। রাত ১০টার দিকে আকস্মিক জলোচ্ছ্বাসে তাদের ট্রলার সাগরে ডুবে যায়। কোনোরকমে কেওড়া গাছের ডাল ধরে রক্ষা পান বাদল। ঝড়ের পরদিন বাড়িতে ফিরে তিনি দেখেন জলোচ্ছ্বাস তার বাড়িঘর সব ভাসিয়ে নিয়েছে। নষ্ট হয়ে গেছে জমির সব ধান। পরিবারের বাকি চার সদস্য কেবল এককাপড়ে বেঁচে আছে। বাদল বলেন, "আলাগুলা (জলোচ্ছ্বাস) মোর সব কিছু লইয়া গেছে। ঘরের ভিডাডাও আস্তা রাহে নাই।" সিডরের কারণে নিঃস্ব বাদল এরপরও ভেঙে পড়েননি। কুড়িয়ে পাওয়া ডালপালা দিয়ে আবার ঘর তোলার চেষ্টা করতে দেখা গেল তাকে। বাদল বলেন, "জুয়ান বইল্লা সরকারি লোক আমার নাম নেয় নাই। কোনো সাহাইয্যও মুই পাই নাই।" একই উপজেলার ফকিরহাট বন্দরে উন্মত্ত তাণ্ডব চালিয়েছে সিডর। সেখানকার বাজারের একটি দোকানও অক্ষত নেই। অনেকগুলো আবার ভাসিয়ে নিয়ে গেছে সাগর থেকে ধেয়ে আসা জলোচ্ছ্বাস। ঝড়ের তাণ্ডবের ধাক্কা সামলানোর পর বাজারের ব্যবসায়ীরা এখন নতুন জীবন সংগ্রামে নেমেছেন। বিধ্বস্ত দোকানের ভেতর থেকে পানিতে প্রায় নষ্ট হয়ে যাওয়া পণ্য সামগ্রী রোদে শুকিয়ে বিক্রির উপযোগী করার চেষ্টা করছেন তারা। বাজারের লবণ ব্যবসায়ী আলতাফ উদ্দিন বলেন, "ধাবাড়ের (ঝড়) পর মোর পিন্দনের কাপুড়ও আছিল না। দোহানের প্রায় ৫০ হাজার ট্যাহার লবণ পানিতে গইল্যা গেছে। দুই এক বস্তা যা পরে পাইছি তাই এহন রৌদে শুকা দিছি।" বন্দরের নৌকা ঘাটে দেখা যায় বাজারের জয়নাল হুজুর তার দোকানের পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়া বাহারী নানান জুতা-স্যান্ডেল রোদে শুকাতে দিয়েছেন। তার পাশে নষ্ট হওয়া কিছু মসুর ডাল, শুটকি মাছ বিছানো দেখা যায়। স্থানীয় শুটকি ব্যবসায় মো. আসলাম জানান, এখানে শুটকি মাছের ব্যবসার ওপরই অনেকে টিকে আছে। কিন্তু ঘূর্ণিঝড় সিডর তাদের সবাইকে একেবারে পথে বসিয়ে দিয়েছে। আসলাম বলেন, "মোর দোহানেই প্রায় চাইর লক্ষ ট্যাহার মাছ আছিল। তার সবই ভাইস্যা গেছে তুফানে।" বন্দরের একপাশে বাঁধের বাইরে বিধ্বস্ত ঘরের পাশে নতুন করে ঘর বেঁধেছেন রাবেয়া বেগম (২৮)। তবে স্বাভাবিক রকমের ঘরে নয়, শ্বশুর, স্বামী-সন্তান নিয়ে রাবেয়ার নতুন বসতি এখন আস্ত একটি নৌকার মাঝে। জলোচ্ছ্বাসে বাঁধের পাশে উঠে আসা বিশালাকৃতির নৌকায় পলিথিন টাঙিয়ে চলছে তার নতুন জীবন। এখানে কেন জিজ্ঞেস করতেই মুখি হাসি ছড়িয়ে তিনি বলেন, "কই যামু, ঘর তোলোনের ট্যাহা কই পামু।" ফকিরহাট বন্দর ছাড়িয়ে প্রায় আধাঘণ্টার ট্রলার যাত্রার পর দেখা মেলে আমার চরের। ঝড়ের রাতে জলোচ্ছ্বাস সেখানকার পাঁচশয়ের বেশি বাড়িঘর ধুয়ে মুছে নিয়েছে। পানির সঙ্গে উঠে আসা বালি ভরে ফেলেছে চরের সুপেয় পানিধারগুলো। এরপরও বিধ্বংসী ঝড়ের দিন পাঁচেকের মাথাই আবার সেখানে গড়ে উঠছে নতুন ঘর। ঝড়ের আগে এক হাজারেরও বেশি মানুষ ছিলেন সেখানে। আর এখন সব মিলিয়ে দেখা মিলল জনা পঞ্চাশেকের সঙ্গে। কিন্তু ওই কয়েকজন মানুষই এখন গড়ে তুলছেন নতুন আবাস। এক জায়গায় সুপেয় পানির একটি কূপও খনন করেছেন তারা। ভাঙা ট্রলার মেরামত করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। আশার চরের মৎস্যজীবী আল মামুন বলেন, "মাছই আমাগো সব। এডা ছাড়া মোরা বাচমু ক্যামনে। তাই বইন্যা তুফান যাই হউক মোগো গাঙ্গে যাইতেই হইবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএ/১৮৫০ ঘ.