বরগুনা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বেশি মুনাফা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন।
শনিবার বরগুনায় ত্রাণ দিতে এসে জেলা প্রশাসক কার্যালয়ে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এফবিসিসিআই সভাপতি বলেন, "দুর্গত মানুষদের ঠেকিয়ে ফায়দা লোটার অভিযোগ কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে যেন না আসে সে বিষয়ে ব্যবসায়ীদেরই সজাগ থাকতে হবে।"
একই সঙ্গে দুর্গত এলাকায় পর্যাপ্ত গৃহনির্মাণ সামগ্রী মজুদ রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন তিনি।
মীর নাসির বলেন, "সরকার পুনর্বাসনের জন্য অর্থ বরাদ্দ দিলে ক্ষতিগ্রস্তরা যেন সে টাকায় খুব সহজে গৃহ নির্মাণ সামগ্রী পায় তা স্থানীয় ব্যবসায়ীদের নিশ্চিত করতে হবে।"
এ সময় মীর নাসিরের সঙ্গে ছিলেন এফবিসিসিআই এর সহ সভাপতি দেওয়ান সুলতান আহম্মেদ, পরিচালক আবদুল ওয়াহেদ, আবদুল আউয়াল, বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি মো. জাহাঙ্গীর কবির, সাধারণ পরিষদ সদস্য মিজানুর রহমান মিলন প্রমুখ।
এর আগে ব্যবসায়ী নেতারা গোলবুনিয়ায় ৩০০ পরিবারকে ত্রাণ দেন। এ জেলায় পর্যায়ক্রমে ১০০০ পরিবারকে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে ত্রাণ দেয়া হবে বলে তারা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩১ ঘ.
bdnews24