পটুয়াখালী, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শনিবার দুপুরে ত্রাণ নিতে এসে সেতু ধসে তিন ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক নূরুল কবির ঝুনু জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে কলাপাড়ার চাকামুইয়া সেতু ভেঙে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় একটি সিমেন্ট কোম্পানি সেতুর ঢালে ত্রাণ বিতরণ করছিল। এ খবর পেয়ে ত্রাণের জন্য সেতুর ওপর হাজার হাজার দুর্গতের ঢল নামে। এক পর্যায়ে এটি ধসে পড়ে।
ঘটনাস্থল থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে নূরুল কবির জানান।
তবে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তার নাম খলিলুর রহমান।
ঘটনাস্থলে সেনাবাহিনী ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬১২ ঘ.
bdnews24