অলীপ ঘটক
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বাগেরহাট, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের আট দিন কেটে গেলেও কোথাও কোথাও দুর্গতদের কাছে এখনো পৌঁছেনি পর্যাপ্ত ত্রাণ। না খেয়ে থাকা হাড্ডিসার মানুষগুলোর হাহাকার এখন ধূমায়িত হচ্ছে ক্ষোভে।
বাগেরহাটের মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারে ত্রাণের আশায় দাঁড়িয়ে ছিলেন একই গ্রামের ৩নং ওয়ার্ডের মোশাররফ হোসেন। হাতে তার রশি দিয়ে বাঁধার দাগ; কিছুটা ফুলেও গেছে। ব্যাপার কী- জানতে চাইলে তিনি বলেন, "বৃহস্পতিবার সন্ধ্যায় স্লিপ নিয়ে ত্রাণের আশায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে দীর্ঘ সময় অপেক্ষা করেও ত্রাণ পাইনি। প্রতিবাদ করতে গেলে এলাকার ইউপি মেম্বর মশিউর রহমান পিটিয়ে আমার হাত ভেঙে দিয়েছে।" বলার সময় মোশাররফের চোখ-মুখে ক্ষোভ ফুটে উঠছিল।
মোশাররফ জানালেন, ১৫ নভেম্বরের ঝড়ের পর তার বাড়িঘরের অবশিষ্ট কিছু নেই। খেয়ে না খেয়ে, খোলা আকাশের নিচে কেটেছে এক একটা রাত, এক একটা দিন। সাত দিন ধরে কোনো ত্রাণ পাননি তিনি। হাতে নেই নগদ টাকাও।
মোশাররফের প্রশ্ন, "এখন এই ভাঙা হাত নিয়ে কোথায় চিকিৎসা করাবো?" পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় কৃষক লোকমান হোসেন মোশাররফের কথায় সায় দিয়ে বলেন, "মশিউর মেম্বার মুখ দেখে দেখে নিজের লোকেদের ত্রাণ দিচ্ছে।"
তবে মশিউর মেম্বারের সঙ্গে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মোড়েলগঞ্জের বলইবুনিয়া, বারুইখালী, পুটিখালী, বহরবুনিয়া, পঞ্চকরণ ইউনিয়ন ঘুরে ত্রাণ নিয়ে এ রকম অব্যবস্থাপনার অসংখ্য চিত্র দেখা গেছে। তাদের অভিযোগ, সামনে দিয়ে সরকারি-বেসরকারি ত্রাণ চলে যাচ্ছে শরণখোলার পথে। কিন্তু তাদের কাছে কেউ আসছেন না।
বলইবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গুয়াবাড়িয়া গ্রামের ভ্যানচালক রুস্তমের স্ত্রী নূরুন্নাহার (২৭) জানান, ঝড়ের রাতে গাছচাপা পড়ে তার স্বামী মারা গেছেন। এক শিশু সন্তান নিয়ে তিনি এখন অসহায়। স্বামীর মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে তিনি ১০ হাজার টাকা পাবেন বলে শুনেছেন। "এখনও কেউ তো সেই টাকা দিলো না", বললেন নূরুন্নাহার।
পানগুছি নদীর তীর ঘেষে খাউলিয়া ইউনিয়নে ছড়িয়ে আছে ঘূর্ণিঝড় সিডরের আঘাতের অসংখ্য চিহ্ন। ত্রাণের আশায় লঞ্চঘাটে শত শত নারী পুরুষের ভিড়।
লঞ্চঘাটে কথা হয় স্থানীয় রুপিয়ার (২৩) সাথে। তিনি বলেন, "ঝড়ের সময় ঘর চাপা পড়িছিলাম। কেউ সাহায্যি করেনি। এই কয়দিন ভাত জোটেনি। এখন কেলা কচু খেয়ে আছি।"
হাসিনা (২৫) ও রোকসানা (২৭) জানান, চেয়ারম্যান-মেম্বররা ত্রাণ দিচ্ছে না। এখন তারা নদীর তীরে আশায় বুক বেঁধে অপেক্ষায় আছেন শহর থেকে কেউ হয়তো ত্রাণ নিয়ে আসবে। তখন যদি কিছু মেলে।
জাহানুর বেগম (৭০) নামে এক বৃদ্ধা অভিযোগ করেন, তার বাড়ি ৭নং ওয়ার্ডের মধ্যম বরিশাল গ্রামে। ঝড়ে তার ঘর পড়ে গেছে। পরিষদে ত্রাণ দেওয়া হচ্ছে জেনে তিনি ত্রাণের আশায় কয়েকবার ইউনিয়ন পরিষদে গেছেন। কিন্তু কেউ তাকে কোনো সহযোগিতা করেনি।
স্থানীয় ৭ নং ওয়ার্ড মেম্বর আমির হোসেনের সামনে দাঁড়িয়েই মেম্বারের বিরুদ্ধে নিজস্ব লোকেদের ত্রাণ দেয়ার অভিযোগ তুললেন জাহানুর (৭০), মেহেনূর (৬০), শিউলী (৩৫)সহ আরো অনেকে।
তবে আমির হোসেন স্বজনপ্রীতির এই অভিযোগ অস্বীকার করে বলেন, "আমার এলাকার তিন হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি সরকারিভাবে কার্ড পেয়েছি মাত্র ১২৫টি। এ কারণে মানুষ আমার ওপর ক্ষুব্ধ হচ্ছে। কিন্তু আমি কী করবো?"
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণকান্ত বিশ্বাস জানান, ক্ষতিগ্রস্তদের মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য এলাকায় তালিকা তৈরির কাজ চলছে। এ জন্য আরো কিছু সময় লাগবে।
পর্যাপ্ত ত্রাণ না আসায় তারা সামাল দিতে পারছেন না এবং কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে বলেও স্বীকার করেন কৃষ্ণকান্ত বিশ্বাস।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩১০ ঘ.
bdnews24