সোহেল পারভেজ
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
মংলা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিডরের রাতে দুবলারচরে কেমন করে যেন প্রাণে বেঁচে গেল দেলোয়ার, হামিদ আর সিরাজ। ১৫ নভেম্বর সেই ঝড়ের রাতের পর তাদের প্রথম তিন দিন কাটে হেলিকপ্টার থেকে ফেলা চিড়া আর গুড় খেয়ে। পরের তিন দিন কেটেছে চেয়ে-চিন্তে যখন যা পাওয়া যায় খেয়ে। সাতদিনের মাথায় সেই বিরান জঙ্গল ভেঙে লোকালয়ের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেন তারা। প্রথম গন্তব্য খুলনা। তারপর চট্টগ্রামের বাঁশখালী; বাবা-মায়ের কাছে।
বৃহস্পতিবার তিনজনের এই দলটিকে ধুকতে ধুকতে হাঁটতে দেখে দুবলারচরে ট্রলার ভেড়ায় একটি উদ্ধারকারী দল।
ট্রলার থেকে ম্যাজিস্ট্রেটের এক সহকারী প্রশ্ন করেন, "পালাইছস নাকি? যাস কই?"
মাথা নাড়িয়ে একজন জানায়, তারা পালায়নি।
মাথা তুলে আরেকজন বলে "খুলনাত যাইয়ুম।"
"কেমনে যাবি?'
"হাঁডি যাইয়ুম।"
"হেঁটে হেঁটে খুলনায় যাচ্ছে! ওই, ট্রলারে ওঠ।" নির্দেশ দেন ম্যাজিস্ট্রেটের সহকারী।
দুবলার চর থেকে কোনো জলযান ছাড়া জনপদে পৌঁছানো প্রায় অসম্ভব। মাইলের পর মাইল ঘন জঙ্গল। বনে রয়েল বেঙ্গল টাইগার আর নদীতে কুমির। এই ঘন জঙ্গলের মাঝ দিয়ে পশুর আর শিবসা নদীই নিকটতম জনপদ মংলায় পৌঁছানোর একমাত্র উপায়।
তীরে দাঁড়িয়ে দেলোয়ার জানালেন, দুবলার চরে তারা এসেছিলেন সাগরের মাঝ দিয়ে কার্গো বোটে চড়ে। এখন থেকে পায়ে হেঁটে কীভাবে মংলা যাওয়া সম্ভব তা না জেনেই রওনা হয়েছিলেন তারা।
অবশ্য দু'পায়ের ওপর ভরসা রেখে বাড়ির পথে রওনা দেওয়া ছাড়া আর কোনো উপায়ও তাদের ছিল না। ঝড়ের রাতে দেলোয়ার আর তার সঙ্গীরা ছিলেন দুবলার চরমালার অর্ন্তগত ছোট্ট চর অফিস কিল্লায়।
"বাসাত ফানি আইয়ের দেখি আঁই সাইক্লোন সেন্টারের মিক্কে দৌঁড় দি। কিন্তু এডে পৌঁছিবার আগে ফানি আঁই ভাইই লই গিয়ে গই (পানি এসে ভাসিয়ে নিয়ে যায়)।" বলে চলেন দেলোয়ার। "ভাইতে ভাইতে ওগগা গাছের লগ ফাই। গাছ ধরি হারা রাইত খাটই দির। বাঘর ডরে নিচে নামিত ন পারি।"
দেলোয়ারের মতো ভাগ্যবান যারা নাগালে গাছ পেয়েছিলেন তাদের অনেকেই হয়তো সে রাতে মাটিতে নামতে পারেননি। বাকিরা ভেসে গেছেন। কেউ কেউ লাশ হয়ে ফিরেও এসেছেন। অনেকেরই কোনো খোঁজ মেলেনি।
"হারা রাইত ডরের মইধ্যে কাইট্টে। বাঁচি থাইক্কুম যে ইয়েন চিন্তাও ন করি", বললেন দেলোয়ার।
মৃত্যুর জন্য একপ্রকার প্রস্তুত হয়েই ছিলেন তিনি। ঝড় শুরুর পরপরই হাফ প্যান্টের পকেটে পুরে রেখেছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দেওয়া নাগরিকত্বের সনদপত্র।
প্যান্টের পকেট থেকে কাগজটি টেনে বের করতে করতে বললেন, "যদি মরি যাই এই ডরে পকেটত ঢুকায়ে রাইক্কি, মারা যওনের পরে যাতে আঁর পরিচয় জানিত পারে।"
অক্ষম আক্রোশে দুবলার চরকে দলে পিষে সিডর যখন উত্তর দিকে এগিয়ে গেল, ততক্ষণে চরে এসেছে এক অদ্ভুত ভোর।
সকালে গাছ থেকে নেমে একইভাবে গাছে ঝুলে বেঁচে যাওয়া আরেক সহযোগীর দেখা পান দেলোয়ার। দুজনে মিলে মাটি চাপা দেন পাঁচটি লাশ। বেঁচে থাকতে তারা ছিল দেলোয়ারদের সহকর্মী।
উদ্ধারকর্মীরা ঘুরে ঘুরে ছোট ছোট বিভিন্ন চর থেকে ট্রলারে তুলে নেন পাইকগাছার আবুল কালাম, সাতক্ষীরার শহীদুলকে।
আবুল কালাম আর শহীদুল ঝড় শুরুর আগে নৌকা নিয়ে সুন্দরবনের অজস্র ছোট ছোট খালের একটিতে ঢুকে পড়েছিলেন। ওই সময় তাদের আশে পাশে যারা ছিল, ঝড়ের পর তাদের অনেকেরই খোঁজ মেলেনি।
শহীদুল বললেন, "আল্লাহ মনে হয় আমারে পা দিয়ে ঠেলে রেখে গেছে।"
২১ নভেম্বর সন্ধ্যায় উদ্ধারকর্মীদের ট্রলার সমশের ও আবুলকে আবিস্কার করে গাছের ডালে। ঝড়ের রাতটা তাদের কেটেছে বনের মধ্যে; ট্রলারে। বাতাস আর জলোচ্ছ্বাসের তোড়ে মাঝ রাতের পর ট্রলার গিয়ে চড়ায় ঠেকে, আর পানিতে নামেনি। টানা দু'দিন বনের মধ্যে না খেয়ে কাটিয়ে তৃতীয় দিন সকালে দুজনে বেরিয়ে পড়েন লোকালয়ের খোঁজে। সপ্তম দিন নদীতে ট্রলার দেখে গাছে উঠে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন এবং সফল হন।
শমশের বলেন, "তুয়ানের ফর যা কষ্ট পাইর ইয়াত্তুন মরনও ভাল। একদিন খাইর, তিন দিন খাইন ন পারির।"
মামারে (বাঘ) দেখছেন?
"দুইদিনের দিন দেক্কি। অইন (আগুন) ধরাইয়েরে দৌঁড়াই (তাড়িয়েছি)।"
ধুর মিয়া, তামাশা করেন?
কড়া চোখে তাকিয়ে সমশের জবাব দেন, "যিঁউত আছিলাম, এত্থুন ১০-১৫ হাত দূরে দেক্কি।"
ঝড় আর বাঘের হাত থেকে রক্ষা পেলেও সমশের আর আবুল মুক্তি পাচ্ছিলেন না বহদ্দার (মালিক) ভোলানাথের কাছ থেকে। ঝড়ে ট্রলার আর জাল খোয়ানোর ক্ষতি পোষাতে ভোলানাথ তার কর্মচারীদের বিক্রি করে দিতে চেয়েছিলেন আরেক বহদ্দার বিজয়ের কাছে। আর কোনো উপায় না দেখে পালানোর সিদ্ধান্ত নেন সমশের ও আবুল।
আবুল জানান, এসব মালিকের অধীনে যে পরিমাণ খাটতে হয় তাতে ২৪ ঘণ্টায় ঘুমানোর সুযোগ হয় দেড়-দুই ঘণ্টা। তার ওপর কাজ পছন্দ না হলে মারধরও চলে। বিনিময়ে থাকা-খাওয়া বাদে পাঁচ মাসে ২৩ হাজার টাকা দেবে বলে কথা দিয়েছিল ভোলানাথ। দুই মাস কাজ করার পর নভেম্বরের শুরুতে ৮ হাজার টাকা করে পেয়েছেন তারা। কাজ শেষে বাকি টাকা দেওয়ার কথা ছিল।
গাছে উঠে বসেছিলেন কেন জানতে চাইলে আবুল জবাব দেন, "ভাবছিলাম ট্রলার দেইখা ডাক দিমু।"
রিলিফের ট্রলার না হয়ে যদি মালিকের ট্রলার হতো?
"বনের মধ্যে ঢুকে যাইতাম", কষ্টের হাসি হেসে বললেন আবুল।
তবে বনের মধ্যে পালিয়ে শেষ পর্যন্ত রক্ষা পাওয়া যায় কি না তা নিয়ে সংশয় আছে গত বিশ বছর ধরে ট্রলারে ট্রলারে মাছ ধরে জীবন চালানো আলাউদ্দিন শেখের।
আলাউদ্দীন জানান, চট্টগ্রামের ট্রলার মালিকরা কর্মচারীদের খুব খাটায়। পান থেকে চুন খসলেই মারে। অতিষ্ট হয়ে শ্রমিকরা অনেক সময় জঙ্গলে পালায়। তাদের কেউ কেউ পালাতে পারে, বাকিরা যায় বাঘের পেটে। দূরের জেলাগুলো থেকে সুন্দরবনে যারা কাজ করতে আসে, তাদের অনেকেরই আর বাড়ি ফেরা হয় না।
ঘূর্ণিঝড়, বাঘ আর মালিকের হাত থেকে বেঁচে ফিরে আসা মুক্তি পাওয়া সমশের, আবুল আর দেলোয়াররা এখন বাংলাদেশ নৌ বাহিনীর হেফাজতে। কয়েক দিনের মধ্যে হয়তো তারা বাড়ি পৌঁছে যাবেন। বাকিদের কী হবে, কেউ জানে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/ডিডি/জেকে/এমএইচবি/০০০০ ঘ.
bdnews24