২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'খরচ ৪০ ট্যাহা, ব্যাইনে যাইয়া বিকালে পাই পাঁচ কেজি চাউল'

গলাচিপার চর মন্তাজ ইউনিয়ন সদরে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার কাজ চলছে। এ ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা চর আন্ডা। সদর থেকে এর দূরত্ব পাঁচ মাইল। কিন্তু যাওয়া আসার খরচ আর ত্রাণ পেতে সময় ও বিড়ম্বনার কারণে চর আন্ডার মানুষ ত্রাণের জন্য চর মন্তাজে যেতে চান না। কারণ মাথা গোঁজার জন্য তাদের নতুন করে ঘর তৈরি করতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সঞ্জয় দে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 04:11 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

পটুয়াখালী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গলাচিপার চর মন্তাজ ইউনিয়ন সদরে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়ার কাজ চলছে। এ ইউনিয়নের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা চর আন্ডা। সদর থেকে এর দূরত্ব পাঁচ মাইল। কিন্তু যাওয়া আসার খরচ আর ত্রাণ পেতে সময় ও বিড়ম্বনার কারণে চর আন্ডার মানুষ ত্রাণের জন্য চর মন্তাজে যেতে চান না। কারণ মাথা গোঁজার জন্য তাদের নতুন করে ঘর তৈরি করতে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক সঞ্জয় দে। চর আন্ডার রহিমা বেগম জানান, ঝড়ে তার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেসে গেছে গবাদি পশু। কিন্তু এরপরও তিনি চর মন্তাজে ত্রাণ আনতে যাননি। কারণ হিসেবে তিনি বলেন, "নদী পার হইতে একজনের লাগে ১০ ট্যাহা। এরপর সেইহান দিয়া রিলিফের ধারে যাইতে আরো ১০ ট্যাহা। মোটমাট বাসায় ফিরতে লাগে ৪০ ট্যাহা। এই ট্যাহা খরচ কইরা লোকজন ব্যাইনে (সকালে) যাইয়া বিকালের দিকে পায় পাঁচ কেজি চাউল। মোগো ৪০ ট্যাহার লগে সারাডা দিনও খরচ হয় রিলিফের জইন্য। এজন্য আর যাই নাই।" এ চরের দোকানি মো. শাহাবুদ্দীন মাস্টার অভিযোগ করেন, ঝড়ের আগে খেয়া পারাপারে মোট ১০/১২ টাকা লাগতো কিন্তু এখন সুযোগ পেয়ে ঘাটের ইজারাদার হারুন মাঝি সেটি ২০ টাকা করে ফেলেছেন। এ কারণে সারাদিন নষ্ট ও টাকা খরচ করে অনেকেই ত্রাণ আনতে যাচ্ছেন না। ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার প্রায় এক সপ্তাহ পর উপকূলীয় অঞ্চলে ত্রাণ কার্যক্রম জোরদার হতে শুরু করেছে। তবে চর আন্ডার মত বিভিন্ন দুর্গম এলাকার মানুষকে ত্রাণের জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে এখনো। এমনকি পকেটের টাকা খরচ করে ত্রাণ আনতে গিয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। এরকম অনেকেই অভিযোগ করেছেন, স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের তালিকা করার ক্ষেত্রে স্বজনপ্রীতি করছেন। সে কারণে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেকেই ত্রাণ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। কোনো কোনো জায়গায় ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় দুর্বলতা থাকারও অভিযোগ উঠেছে। রাঙ্গাবালি ইউনিয়নের গঙ্গাপাড়া গ্রামের হাজেরা বিবি অভিযোগ করেন, তার এলাকায় প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাচ্ছেন না। তার অভিযোগের সত্যতা প্রমাণের জন্য বৃহস্পতিবার রাঙ্গাবালি কলেজ এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে সহকারী কমিশনার (ভূমি) রাসেল সাবরিনের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধিরা ত্রাণ দিচ্ছেন। কলেজ এলাকায় দীর্ঘ লাইনে বসে থাকা অনেক নারী পুরুষ জানান, সকাল নয়টায় তারা ত্রাণ নিতে এসে দুপুর দুটা পর্যন্ত ত্রাণ পাননি। কানকুনি চরের শেফালী বেগম বলেন, "এইহানে আইতে ৪০ ট্যাহা খরচ হইছে। ব্যাইনে (সকাল) আইছি এহন পর্যন্ত রিলিফ পাই নাই।" এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম এসে লাইনে বসা মানুষদের ধমক দিয়ে চুপ করিয়ে দেন। কলেজের বাইরে একদল মানুষ বসেছিলেন ত্রাণের অপেক্ষায়। লাইনে দাঁড়াননি কেন- জিজ্ঞেস করতেই তাদের একজন রহমান গাজী (৫০) জানান, মেম্বার (ইউপি সদস্য) তাদের নাম দেয়নি। আশপাশে আরো মানুষ জড়ো হয়ে একই কথা জানায়। এদের একজন আমলিবাড়িয়ার মহসিন রাঢ়ির অভিযোগ, ঝড় তাদের সব কেড়ে নিয়েছে। অথচ ক্ষতিগ্রস্তদের তালিকায় নাম উঠেনি। এ সময় দূর থেকে ছুটে আসেন ইউপি সদস্য নুরুল ইসলামের ছেলে শুভ (১৮)। অভিযোগকারীদের থামিয়ে দিয়ে তিনি বলেন, "ত্রাণ বিতরণে কোনো সমস্যা নেই। এরা শুধু শুধু অভিযোগ করছে।" তবে তার দাবির পরিপ্রেক্ষিতে স্থানীয় সাপ্তাহিক ঊষা পত্রিকার সাংবাদিক মোতালিব খন্দকার জানান, গ্রামবাসীদের অভিযোগ সঠিক। অনেকেই ক্ষতিগ্রস্ত কিন্তু ত্রাণ পাচ্ছেন না। এছাড়া ক্ষতিগ্রস্তদের ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও প্রকৃত পক্ষে দেওয়া হচ্ছে ৪ /৫ কেজি করে দিচ্ছে বলে তিনি জানিয়েছেন। কম ত্রাণ পাওয়া প্রসঙ্গে রাঙ্গাবালি ইউনিয়নের চর কলাগাছিয়ার মাছের দোকানের কর্মচারী আবু তাহের জানান, গত সাতদিনে তারা আড়াইশ গ্রাম মুড়ি ও ৫ কেজি করে চাল পেয়েছেন। এছাড়া যারা লাশ দাফন করছেন রেড ক্রিসেন্টের কর্মীরা তাদের কিছু পলিথিন দিয়ে গেছেন। এগুলো দিয়েই তাঁবু খাটিয়ে তারা থাকছেন। ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, "প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছানোর ওপরই আমরা জোর দিচ্ছি।" কিছু কিছু ক্ষেত্রে অনিয়মের অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, "অভিযোগ এলে সঙ্গে সঙ্গে তদন্ত করে আমরা ব্যবস্থা নিচ্ছি।" প্রত্যন্ত চরাঞ্চলে দেরিতে খাদ্যসামগ্রী পৌঁছানোর অভিযোগ সম্পর্কে ইউএনও বলেন, "যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় এবং প্রয়োজনীয় যানবাহনের অভাবে কিছু কিছু এলাকায় আমরা যথাসময়ে পৌঁছাতে পারিনি। তবে এখন ত্রাণ তৎপরতা জোরদার করা হচ্ছে।" এরই মধ্যে ক্ষতিগ্রস্ত দুর্গম এলাকাগুলোতে জেঁকে বসেছে তীব্র শীত। এ কারণে নিঃস্ব পরিবারগুলো খাদ্য ও পানীয়র পাশাপাশি শীত বস্ত্রের সংকটে ভুগছে। এছাড়া বিভিন্ন জায়গায় পানি দূষিত হয়ে যাওয়ায় পানি বাহিত রোগব্যাধিও ছড়িয়ে পড়তে শুরু করছে। ঝড়ে বিধ্বস্ত দক্ষিণাঞ্চলের ৫টি উপজেলা গলাচিপা, আমতলী, পাথরঘাটা, শরণখোলা ও মোরেলগঞ্জে স্বাস্থ্য সেবা দিচ্ছে ঢাকার কমিউনিটি হাসপাতালের ভ্রাম্যমাণ চিকিৎসক দল। দলটির সঙ্গে থাকা কমিউনিটি হাসপাতালের দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের ব্যবস্থাপক গোলাম মোস্তফা শুক্রবার জানান, দুর্গত এলাকায় এরই মধ্যে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়তে শুরু করেছে। তিনি বলেন, "বিভিন্ন সংস্থা থেকে সামান্য পরিমাণে হলেও খাদ্য সাহায্য দেওয়া শুরু হয়েছে। কিন্তু ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় সুপেয় পানির সংকট ক্রমশ তীব্র হচ্ছে।" কমিউনিটি হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা পানির যোগান নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত গ্রামের অন্তত একটি পুকুর ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছেন বলে তিনি জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএআর/এমএসবি/২২০০ঘ.