পটুয়াখালী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে নিঃস্ব মানুষদের কাছে এখন নতুন আতঙ্ক হয়ে দেখা দিয়েছে এনজিওগুলোর ঋণের কিস্তি। স্বজন-ঘরবাড়ি হারানো মানুষদের ঝড়ের পর দিন থেকেই কিস্তির টাকা পরিশোধের জন্য চাপ দিতে শুরু করেছে কয়েকটি এনজিও। কিছু এনজিও 'দয়াপরবশ' হয়ে বলেছে, এখন না দিলেও সপ্তাহ দুয়েক পর থেকে কিস্তি দিতে হবে। মরার ওপর খাঁড়ার ঘায়ে উৎকণ্ঠিত কয়েকজন কথা বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঞ্জয় দের সঙ্গে।
গলাচিপা পৌর এলাকার বাইরে ওয়ালিয়া বাজারের মো. মনিরুদ্দিন শিকদার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " ঘূর্ণিঝড়ের পরদিন সকালেই স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক এর ম্যানেজার মো. শরিফ তাদের কিস্তির টাকা দিতে বলেন।"
তিনি অভিযোগ করেন, কিস্তির টাকা না দিতে পারায় কোডেক এর ম্যানেজার হুমকি দিয়ে বলেন, "ঘরে লাশ থাকলেও টাকা দিতে হবে।"
এ ব্যাপারে মো. শরিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঝড়ের পরদিন কিস্তির টাকা তুলতে যাওয়ার কথা স্বীকার করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে শরিফ বলেন, "হেড অফিস থেকে সময়মতো নির্দেশনা না আসায় আমি টাকা তুলতে গিয়েছিলাম। তবে মাত্র ৬ জনের কাছ থেকে আমি টাকা নিয়েছি।"
হুমকি দেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, "যারা টাকা দিতে পারেনি তাদের কোনো চাপ দেওয়া হয়নি। এ ছাড়া হেড অফিস থেকে নির্দেশনা আসার পর কিস্তি আদায় এক সপ্তাহ বন্ধ রাখা হয়েছে।"
এক সপ্তাহ পরে কি হবে সে ব্যাপারে তিনি কিছু বলতে পারেননি।
এদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ ব্যাংক, আশা, সাউথ এশিয়ান পার্টনারশিপ (স্যাপ) এর মতো এনজিওগুলো দুই সপ্তাহ তাদের ঋণ গ্রহীতার কাছ থেকে কিস্তি আদায় বন্ধ রেখেছে। তবে ব্র্যাক
এ রকম ঘোষণা দেয়নি বলে জানান, সংস্থার গলাচিপা শাখার হিসাবরক্ষক শাহাদত হোসেন।
তিনি দাবি করেন, ঝড়ের পর সামর্থ্যবানদের কাছ থেকে তারা কেবল ঋণের কিস্তি নিচ্ছেন।
এদিকে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা ঋণ আদায় বন্ধ রাখার কথা জানালেও এর মাঠকর্মীরা কিস্তির টাকা পরিশোধের জন্য ঋণ গ্রহীতাদের চাপ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সিডর এর তাণ্ডবে ক্ষতিগ্রস্ত চর আন্ডার দোকানি মো. শাহাবুদ্দীন মাস্টার অভিযোগ করেন, কিস্তির টাকা দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংক এর মাঠকর্মীরা তাদের চাপ দিয়ে যাচ্ছেন।
শাহাবুদ্দীন মাস্টার অসহায় কণ্ঠে বলেন, "মোগো পুকুরে মাছ নাই। দোহানে মাল নাই। নৌকা নাই। ঘরডা পর্যন্ত ভাইস্যা গেছে। এহন মোরা ক্যামনে কিস্তির টাকা দিমু।"
একই চরে রেড কিসেন্ট এর টিম লিডার মো. চাঁন মিয়া শিকদার জানান, চরের বাসিন্দাদের অনেকে বেশ কয়েকটি এনজিও-র কাছ থেকে ঋণ নিয়েছিল। এর মধ্যে কয়েকটি এনজিও কিস্তির টাকা দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিলেও বাকিগুলি টাকা পরিশোধের জন্য চাপ দিচ্ছে।
এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের শাখার ব্যবস্থাপক মঞ্জুর মোর্শেদ জানান, তারা অসহায় মানুষদের সমস্যার কথা বোঝেন। তাদের ঋণ আদায় আপাতত বন্ধ রাখা হয়েছে। অবশ্য দু সপ্তাহ পরে কিস্তি আদায় হবে কিনা তা বোঝা যাবে প্রধান কার্যালয় থেকে নির্দেশনা পাওয়ার পর।"
তিনি দাবি করেন, ঝড়ের পর তাদের ক্ষতিগ্রস্ত সদস্যদের ৫০০ টাকা করে সুদবিহীন ঋণ দেওয়া হয়েছে। তবে গ্রামীণ কার্যালয়ের বাইরে দেখা হওয়া কাউসার খন্দকার (৪০) তাদের দাবি নাকচ করে দিয়েছেন। তিনি জানান, তার স্ত্রীর নূর গ্রামীণ ব্যাংকের সদস্য। ঝড়ে তারা ঘরবাড়ি হারিয়েছেন। কাউসার খন্দকার বলেন, "গ্রামীণ ব্যাংক ৫০০ টাকা কইরা দিব বইলা হুনছি। তয় আমার পরিচিত কোনো সদস্য এহনো পায় নাই।"
ব্র্যাকের গলাচিপা শাখার হিসাব রক্ষক কর্মকর্তা শাহাদত হোসেন জানান, তারা ঋণ গ্রহীতাদের মাঝে জরুরি খাদ্য সরবরাহ শুরু করেছেন। তবে তাদের পুনর্বাসনের ব্যাপারে কোনো পরিকল্পনা আপাতত নেই।
সাউথ এশিয়া পার্টনারশিপ বাংলাদেশ (স্যাপ) এর প্রকল্প ব্যবস্থাপক এম এ আল মামুন মজুমদান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্তদের জরুরি খাদ্য সহায়তার দিকে তারা আপাতত দৃষ্টি দিচ্ছেন। এখনো ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। ঋণ গ্রহীতাদের কিস্তির টাকা দু সপ্তাহ পর্যন্ত নেওয়া হবে না বলেও তিনি জানান।
তবে এর পরের পরিকল্পনা সম্পর্কে তিনি কছিু বলতে পারেননি।
ঋণের কিস্তি আদায় সম্পর্কে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, "এনজিওগুলোকে দুই থেকে তিন মাস কিস্তির টাকা আদায় বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অনেক জায়গা থেকে কিস্তির টাকা আদায়ের ঘটনা আমারো কানে এসেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএআর/এমএইচবি/২০০৪ ঘ.
bdnews24