২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ কাজের সঙ্গে জরুরি অবস্থার সম্পর্ক নেই: মইন

ত্রাণ কাজের সুবিধার্থে ঘূর্ণিঝড়-কবলিত এলাকা থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি নাকচ করে দিয়েছেন সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ। বিভিন্ন রাজনৈতিক দল এ দাবি করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 02:16 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণ কাজের সুবিধার্থে ঘূর্ণিঝড়-কবলিত এলাকা থেকে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি নাকচ করে দিয়েছেন সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ। বিভিন্ন রাজনৈতিক দল এ দাবি করেছিল। ত্রাণ কাজ চালানোর সঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহারের কোন সম্পর্ক নেই এ ইঙ্গিত করে জেনারেল মইন সাংবাদিকদের বলেন,'' আমাকে বলুন, এর সঙ্গে (ত্রাণ কাজ) কি রাজনীতির কোনো সম্পর্ক আছে ?'' শুক্রবার সফররত মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল টিমোথি জে কিটিঙের সঙ্গে সেনা সদরে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল মইন এ কথা বলেন। অতি শিগগিরই সবার সহযোগিতায় দেশ দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি। এদিকে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল কিটিং বলেছেন সাহায্যের আহ্বান পেয়েই তারা এখানে এসেছেন এবং মার্কিন জাহাজ আসার বিষয়টি স্পর্শকাতর কিছু নয়। জেনারেল মইন সাংবাদিকদের বলেন, "ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাদ্য সংকট হবে না। আমরা দুর্গত মানুষের জন্য প্রতি ইউনিয়নের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।'' ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড়ের পর দেশের সর্বস্তরের মানুষ দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে এসেছে বলে উল্লেখ করেন তিনি। সেনা প্রধান বলেন, ''১৯৯১ সালের পর উপকূলীয় অঞ্চলে নতুন কোনো আশ্রয় কেন্দ্র নির্মাণ হয়নি। কিন্তু জনসংখ্যা ক্রমাগত বেড়েছে।'' সরকারি হিসাবেই ৫ লাখের বেশি গবাদিপশু নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি নতুন আশ্রয়কেন্দ্রের পাশাপাশি গবাদিপশুর জন্যও দুর্যোগকালীন আশ্রয়ের ব্যবস্থা করার পরামর্শ দেন। মইন জানান, দূর্যোগ মোকাবেলায় এ মুহূর্তে খাদ্য, বিশুদ্ধ পানি, কাপড় ও গুঁড়ো দুধ সবচেয়ে বেশি প্রয়োজন। যুক্তরাষ্ট্র দুর্গত এলাকায় ১০টি পানি বিশুদ্ধকরণ প্রকল্প স্থাপন করবে বলে উল্লেখ করেন সেনাপ্রধান । তিনি বলেন আগামীতে আরো পানি বিশুদ্ধকরণ উপকরণ আসবে। এর পাশাপাশি সেনা বাহিনীর এ সংক্রান্ত প্রকল্পগুলোও চালু থাকবে। ত্রাণ কাজে সহায়তা করার জন্য হেলিকপ্টার ও চিকিৎসা সুবিধা নিয়ে মার্কিন জাহাজের আগমনকে তিনি স্বাগত জানান। জেনারেল মইন জানান, মার্কিন হেলিকপ্টার ঢাকা ও চট্টগ্রাম থেকে খাদ্য নিয়ে যাবে বরিশালে এবং সেখান থেকে বিভিন্ন দুর্গত এলাকায় সরবরাহ করবে। তিনি বলেন, '' এটা আমাদের বিরাট সাহায্য করবে।" জেনারেল মইন বলেন, "১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের দুর্গত এলাকায় ত্রাণ ও পুর্নবাসন কার্যক্রমে মার্কিন নৌ বাহিনীর 'অপারেশন সি অ্যাঞ্জেল' বিশাল অবদান রেখেছিল।" সেনা প্রধানের সঙ্গে বৈঠকে অ্যাডমিরাল কিটিং ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন। মার্কিন দূতাবাসের এক বিশেষ বুলেটিনে বলা হয়, জেনারেল মইন উ আহমেদের সঙ্গে বৈঠকে অ্যাডমিরাল কিটিং ত্রাণ কাজ করে যাওয়ার মাধ্যমে বাংলাদেশকে সহায়তা করার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বুলেটিনে অ্যাডমিরাল কিটিংকে উদ্ধৃত করে বলা হয়, দুর্যোগের আঘাত থেকে বাংলাদেশকে দীর্ঘ মেয়াদী সহায়তা করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ। বাংলাদেশে মার্কিন নৌ বাহিনীর জাহাজের উপস্থিতি স্পর্শকাতর কিনা-- এ প্রশ্নের জবাবে অ্যাডমিরাল কিটিং বলেন, "আমি এটাকে স্পর্শকাতর বিষয় মনে করি না। আমরা অনুরোধ পেয়েই সাহায্য করতে এসেছি। যেখানে যাওয়ার জন্য আমাদের বলা হয় না সেখানে আমরা যাই না।" মার্কিন জাহাজ কতদিন থাকবে --এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "স্থানীয় প্রয়োজন অনুযায়ী যতদিন থাকতে বলা হবে আমরা ততদিনই থাকব।" বৈঠকে সশস্ত্র বাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনহা ইবনে জামালি এবং ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত গীতা পাসিও উপস্থিত ছিলেন। এর আগে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরে অ্যাডমিরাল টিমোথি জে কিটিং সাংবাদিকদের বলেন, ''ঘূর্ণিঝড়ে যারা নিহত হয়েছেন ও যাদের জীবন বিপন্ন হয়েছে আমরা তাদের প্রতি সমবেদনা জানাতে এসেছি ।" কিটিং বলেন, বাংলাদেশ সরকারের 'অনুমতি নিয়ে তারা দুর্গত ও অসহায় মানুষকে সাহায্য করতে এসেছেন। তারা আহতদের খাদ্য ও চিকিৎসা সেবা দেবেন ও বিশুদ্ধ পানি সরবরাহ করবেন। ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত গীতা পাসি সাংবাদিকদের বলেন, ''আমরা তাৎক্ষণিকভাবে সাহায্যের আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশের দুর্যোগে সহযোগিতা দিতে এসেছি। এটা দুই দেশের মধ্যকার দৃঢ় বন্ধুত্বের নির্দশন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমএসবি/এসকে/২০১১ঘ.