ঢাকা,নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে নিহতদের জন্য শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের মসজিদে বিশেষ মোনাজাত হয়।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করেন ধর্ম উপদেষ্টা এ এস এম মতিউর রহমান।
নামাজের পর বিশেষ মোনাজাতে ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু আরোগ্য কামনা করা হয়।
মোনাজাতের আগে উপদেষ্টা মতিউর রহমান মুসল্লিদের বলেন, "এ দুর্যোগ কেবল তাদের জন্য নয়, সারা বাংলাদেশের মানুষের জন্য বেদনাদায়ক। আপনারা সবাই দোয়া করুন, যাতে স্বজন হারানো মানুষ শোক-বেদনা কাটিয়ে নতুনভাবে কাজ করার সাহস শক্তি পায়।"
বায়তুল মোকাররম মসজিদে নামাজ পড়তে আসা স্কুলশিক্ষার্থী শফিক ইবনে শামীম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগুণিত মানুষজন প্রাণ হারিয়েছেন, আমি তাদের জন্য দোয়া করতে মসজিদে এসেছি।"
গত ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় 'সিডর' এর আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়ে দেশের দক্ষিণ উপকূল। সরকারি হিসাবে ঝড়ে এ পর্যন্ত ৩ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৩৯ ঘ.
bdnews24