খন্দকার দেলোয়ার জালালী
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আশ্রয়ন প্রকল্পের সাজেদা বেগম ছেলে ও মেয়েকে ঝড়ের রাতে প্রবল স্রোতে হারিয়ে এখন পাগল প্রায়। এখনো স্বাভাবিক হতে পারেনি তিনি। খুব একটা কথাও বলেন না কারো সঙ্গে। হঠাৎ হঠাৎ যদিও বলেন কান্নার দমকে আটকে আসেন তা। এ রকম এক আধটু কথায়ই জানা যায় সে রাতের কথা।
ভয়াল ১৫ নভেম্বরের রাতে অনেকের মতো সাদেজা বেগমও ঘর ছেড়ে যেতে চাননি। সন্ধ্যা থেকে বৃষ্টি আর বাতাস। দমকা হাওয়ার তাণ্ডবলীলার সঙ্গে সঙ্গে রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই বাড়তে থাকে পানি। তার ধারণা ছিল, প্রবল জোয়ারে এমন করেই পানি বাড়ে; আবার ভাটায় নেমে যাবে। কিন্তু রাত সাড়ে ১০-১১টায় পানি দ্রুততার সঙ্গে বাড়তে থাকে। এক এক করে সবাই ছাড়তে থাকে ঘর। সাজেদাও দু'সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ।
ততক্ষণে বুকের সমান পানি বইছে প্রবল স্রোতে। ৪ বছরের মেয়ে ময়না আর ৬ বছরের ছেলে সুজনকে বুকে নিয়ে ঢালু রাস্তা দিয়ে বড় রাস্তায় দিকে রওনা হন। দুই সন্তানকে শক্ত করে আগলে সতর্কভাবে এগিয়ে যান। হঠাৎ ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে ফুলে ওঠা পানি আর প্রবল স্রোতে মাঝ পথে বুক থেকে ছুটে যায় সুজন। প্রবল স্রোতের টানে ময়নাও ছুটে যায় সাজেদার বুক থেকে। দিকশূন্য সাজেদা অনেকক্ষণ সাঁতার কেটেও সন্তানদের আর হাতের নাগালে পাননি। খুঁজে পাননি আদরের ময়না আর সুজনকে।
রাত পেরিয়ে আবার নতুন সকাল শুরু হলো, শুরু হলো নতুন করে পথ চলা। সকালে প্রতিবেশীরা বড় রাস্তার নালা থেকে ময়নার নিথর দেহ তুলে এনে দেয় সাজেদার বুকে। বিকেলে সুজনের লাশ উদ্ধার করা হয় আশ্রয়নের পিছনের খাল থেকে।
ঘর হারারা হয়তো ঘর পাবে। ক্ষুধাতুররা পাবে খাদ্য। আবারো বিষন্ন মুখে হাসি ফুটবে। শুধু সাজেদার বুকে ফিরবে না তার দুই সন্তান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৪২৯ ঘ.
bdnews24