২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠি, পটুয়াখালী ও সাতক্ষীরায় চার উপদেষ্টার ত্রাণ বিতরণ

ঘূর্ণিঝড় দুর্গত ঝালকাঠি, পটুয়াখালী ও সাতক্ষীরা জেলার দুর্গতদের মাঝে বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করেছেন উপদেষ্টা মইনুল হোসেন, মতিউর রহমান, আনোয়ারুল ইকবাল ও আইয়ুব কাদরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় দুর্গত ঝালকাঠি, পটুয়াখালী ও সাতক্ষীরা জেলার দুর্গতদের মাঝে বৃহস্পতিবার ত্রাণ বিতরণ করেছেন উপদেষ্টা মইনুল হোসেন, মতিউর রহমান, আনোয়ারুল ইকবাল ও আইয়ুব কাদরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- ঝালকাঠি: আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বৃহস্পতিবার জেলার ঘূর্ণিদুর্গত কয়েকটি এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। দুপুরে ঝালকাঠি পৌঁছানোর পর উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভায় অংশ নেন। সভায় উপদেষ্টা বলেন, "সরকার সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় সারা বিশ্বের আস্থা অর্জন করেছে। তাই না চাইতেই বিভিন্ন দেশ থেকে সহযোগিতা এসেছে।" তিনি আরো বলেন, "যারা মারা গেছে তাদের ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে যারা বেঁচে আছে তাদের সাহায্য দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। বিষয়টিকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।" মইনুল হোসেন ঘূর্ণিঝড় পরবর্তী মহামারি প্রতিরোধের জন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বৈঠক শেষে উপদেষ্টা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এর পর বিকাল ৪টায় ঝালকাঠি ত্যাগ করেন। পটুয়াখালী: স্বাস্থ্য উপদেষ্টা ডা. মতিউর রহমান ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল জেলার মির্জাগঞ্জ ও সদর উপজেলায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। সকাল ৯টায় দুই উপদেষ্টা পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই, ছোট বিঘাই এবং মির্জাগঞ্জ উপজেরার চরখালী গ্রামে চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাতক্ষীরা: শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী বলেছেন, সরকার দুর্গত মানুষের পাশেই রয়েছে। তবে এতোবড় একটি দুর্যাগ সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড়ের ক্ষয়-ক্ষতি, উদ্ধার ও ত্রাণকার্যক্রম সংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন। দুর্গত এলাকার মানুষদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, বোরো ও শীতের সব্জির আবাদ বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নিতে হবে। উপদেষ্টা পরে তালা উপজেলার কুমিরা হাইস্কুল মাঠে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/এমএ/১৯২০ ঘ.