২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ঘর তুলবার লড়াই

ঘূর্ণিঝড় সিডর ১৫ নভেম্বর রাতে ধসিয়ে দিয়েছিল সফিক-শাহানারার ছোট্ট ঘরটি। কিন্তু তাদের বেঁচে থাকার স্বপ্ন ঝড় কেড়ে নিতে পারেনি। চাঁদপুরের লক্ষ্মীপুর গ্রামে বেড়িবাঁধের ঠিক পাশে আগের ঘরের জায়গায় আবার ঘর তুলছেন সফিক গাজী ও শাহানারা বেগম। তাদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন চাঁদপুর প্রতিনিধি আল-ইমরান শোভন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 08:12 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চাঁদপুর, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডর ১৫ নভেম্বর রাতে ধসিয়ে দিয়েছিল সফিক-শাহানারার ছোট্ট ঘরটি। টানা পাঁচটি দিন দু'সন্তানকে নিয়ে খেলা আকাশের নিচে প্রায় না খেয়েই দিন কেটেছে তাদের। কিন্তু তাদের বেঁচে থাকার স্বপ্ন কেড়ে নিতে পারেনি সিডর। সদর উপজেলার সাখুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বেড়িবাঁধের ঠিক পাশে আগের ঘরটি যেখানে ছিল সেখানেই আবার ঘর তুলছেন সফিক গাজী (৪২) ও শাহানারা বেগম (৪০)। শাহানারা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১০ নম্বর মহাবিপদ সঙ্কেত দেওয়ার আগেই সফিক বড় মেয়ে রুজিনাকে দেখতে ঢাকা যান। ১৫ নভেম্বর অর্থাৎ ঝড়ের দিন ঘরে ছিল শুধু দুই ছেলে সুমন (৭) আর সজিব (৫)। বিকেলের পর থেকেই বাতাসের বেগ বাড়াতে থাকলো আর শুরু হলো বৃষ্টি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের দাপটও বাড়তে থাকে। ঘর ভেঙে যেতে পারে এই আশঙ্কায় দুই ছেলেকে নিয়ে এক পর্যায়ে খাটের নিচে ঢুকে পড়েন শাহানারা। কিছুক্ষণের মধ্যেই তার আশঙ্কা সত্যি হয়। ঘর ভেঙে পড়ে খাটের ওপর; আর চাল উড়ে যায় বাতাসে। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। সাংবাদিক পরিচয় পেয়ে শাহানারা ক্ষোভের সঙ্গে বলেন, "খবর ছাইপা কি করবেন, আমাগোর দিকে চেয়ারম্যান, মেম্বর কেউই চায় না। কতদিন ধইরা এমনে পইরা রইছি, কেউ খোঁজ নেয় নাই।' পেশায় ক্ষেতমজুর সফিক গাজী জানান, ঝড়ের একদিন পর ঢাকা থেকে ফিরে তিনি দেখেন ঝড়ে ঘর হারিয়ে শাহানারা দুই সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে বসে আছে। ঝড়ের পর বুধবার পর্যন্ত কারো কাছ থেকে কোনো সাহায্য তারা পাননি। সন্তানদের মুখে ঠিকমতো খাবারও তুলে দিতে পারেননি। আবার ঘর তোলার জন্য স্থানীয় এক সমিতির কাছে ১ হাজার টাকা ঋণ চেয়েও পাননি। শেষ পর্যন্ত ধ্বংসস্তুপ থেকে পুরনো ঘরের খুঁটিগুলো উদ্ধার করে আবার ঘর তৈরির কাজে হাত দিয়েছেন তিনি। সফিক গাজী জানান, বেড়িবাঁধের পাশে ওই জায়গায় প্রায় ৯ বছর ধরে বসবাস করছেন তারা। আগে তারা ছিলেন সদর উপজেলার হানারচর ইউনিয়নের খইলাবাজ এলাকায়। সেখানে তাদের ঘর-বাড়ি, জমি সবকিছুই ছিল। কিন্তু মেঘনার ভাঙনে সবই হারাতে হয়েছে। তাই তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে ঘর বেঁধেছিলেন এই বেড়িবাঁধের পাশে। কিন্তু ঘূর্ণিঝড় আবার তাকে অসহায় করে দিয়েছে। তারপরও স্ত্রী-সন্তানদের দিকে তাকিয়ে নতুন করে ঘর তুলছেন বাঁচার জন্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/জিএনএ/১৪০০ ঘ.