২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

"হ্যারা কয়, ছাদ চাপা পড়নের চাইতে নিজের ঘরে মরাই ভালো"

গলাচিপা উপজেলায় ঘূর্ণিঝড় সিডর এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি চর আন্ডা। বাস করতো দেড় হাজার লোক। এখানে একটি সাইক্লোন সেন্টার আছে, কিন্তু ছোট হওয়ায় অনেকেরই আশ্রয় মেলেনি ১৫ নভেম্বরের বিভীষিকাময় রাতটিতে। সেন্টারটির অবস্থাও জরাজীর্ণ যে ছাদ ধসে পড়ার ভয়ে অনেকে আসতেও চায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 05:13 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

পটুয়াখালী, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গলাচিপা উপজেলায় ঘূর্ণিঝড় সিডর এ সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি চর আন্ডা। বাস করতো দেড় হাজার লোক। এখানে একটি সাইক্লোন সেন্টার আছে, কিন্তু ছোট হওয়ায় অনেকেরই আশ্রয় মেলেনি ১৫ নভেম্বরের বিভীষিকাময় রাতটিতে। সেন্টারটির অবস্থাও জরাজীর্ণ যে ছাদ ধসে পড়ার ভয়ে অনেকে আসতেও চায়নি। চরটির মাঝামাঝি জায়গায় দ্বিতল সাইক্লোন সেন্টারটির নিচেই রেড ক্রিসেন্টের কার্যালয়। এর টিম লিডার মো. চাঁন মিয়া শিকদার বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঞ্জয় দে' কে সেন্টারটি ঘুরে দেখিয়ে দুঃখ করে বলেন, সবাইরে এখানে আনতে পারি নাই। "হ্যারা কয়, ছাদ চাপা পড়নের চাইতে নিজের ঘরে মরাই ভালো।" চাঁন মিয়া বলেন, "এইহানে বইন্যার রাইতে মাত্র ৫০০ মানুষরে জায়গা দিতে পারছি। এরপরেও যখন মানুষ আইলে ছাদেও তাগো ভরে না।" সেন্টারটির ছাদে নিয়ে তিনি দেখান এর ভঙ্গুর দশা। ঘুরে দেখি ছাদের বিভিন্ন স্থান ফেটে গেছে। সামান্য বৃষ্টিতে পানি চুঁইয়ে পড়ে নিচে। চাঁন মিয়া আক্ষেপ করে বলেন, "কাকা, আমরা বুড়া মানুষ। বইন্যা ক্যামন হইবো আগেই তা বুঝতে পারি। এরপরেও লোকজনরে সাইক্লোন সেন্টারে আনতে পারি না। হ্যারা কয়, ছাদ চাপা পড়নের চাইতে নিজের ঘরে মরাই ভালো। এই নিয়া অনেকবার সরকারের কাছে লিখছি। কোনো লাভ হয় নাই।" ছাদে দাঁড়িয়ে আশপাশের নদীর তীর দেখিয়ে তিনি বলেন, "বাধ দ্যাওনের লিগা ডিসি সাহেবরে কইছিলাম। হে কয় তোমরা হাজার দেড়ের মানুষ তোমাগো চরে বাধ দিলে সরকারের কোনো লাভ নাই।" গলাচিপা সদর থেকে চরটিতে ট্রলারে যাওয়ার সময় চরটির বাসিন্দা দিপু মোল্লা (৩০) জানান, আত্মীয়দের কাছ থেকে কিছু বিছানাপত্র জোগাড় করে বাসায় যাচ্ছেন। ঝড়ে তার বাড়িঘর সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। প্রায় ৪ ঘণ্টার যাত্রা পথে দিপু জানান, ঘূর্ণিঝড়ের রাত ১০ টার দিকে হঠাৎ করে চরে পানি ঢুকতে শুরু করে। তার ভাষায়, "বানের পানি এতো উঁচা হইছিল যে ঘাড় উচকাইয়াও এর এক মাথা দেখতে পারি নাই।" পানি আসার সঙ্গে সঙ্গে দিপু মোল্লা স্ত্রী সন্তানসহ পাশের সাইক্লোন সেন্টারে ছুটে যাওয়ায় প্রাণে রক্ষা পান। চর আণ্ডায় ট্রলার থেকে নামার পর যতোই সামনে এগোই স্বজনহারাদের ক্রন্দন ও মৃত গবাদি পশুর দুর্গন্ধে বাতাস ভারী হয়ে আসে। চরে ঢোকার মুখেই রহিমা বেগমের বাড়ি। স্বামীহারা রহিমা ২৫টি গরু এবং প্রায় ৩০০র মতো হাঁস মুরগি লালন পালন করে সংসার চালাতেন। ঝড়ের পর তার একটিও বেঁচে নেই। এমনিভাবে প্রতিটি পরিবারের সব সম্বল কেড়ে নিয়েছে সর্বগ্রাসী সিডর। চরবাসী জানান, এতো দ্রুত জলোচ্ছ্বাসে চর প্লাবিত হবে তা স্বপ্নেও তারা ভাবেনি। এ কারণে ঘরের কোনো কিছুই না সরিয়ে ছুটতে হয়েছে আশ্রয় কেন্দ্রে (সাইক্লোন সেন্টার)। চরটি থেকে ফেরার পথে চোখে পড়ে রাস্তার পাশে সারিবদ্ধ কবর। জলোচ্ছ্বাস এদের প্রাণ কেড়ে নিয়েছে। এখনো নিখোঁজ আছে কয়েকজন। ভেসে গেছে ৯০ ভাগ গবাদি পশু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এমএআর/এমএইচবি/২৩০৭ ঘ.