২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

২৬ লাখ ভিজিএফ কার্ড, মাসে ১৫ কেজি খাদ্যশস্য পাবে দুর্গত পরিবার

ঘূর্ণিঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১২টি জেলার মানুষের মধ্যে প্রায় ২৬ লাখ ভিজিএফ কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কার্ড দেখিয়ে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার আগামী মার্চ পর্যন্ত মাসে ১৫ কেজি করে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী বুধবার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 03:52 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিঝড়ের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১২টি জেলার মানুষের মধ্যে প্রায় ২৬ লাখ ভিজিএফ কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কার্ড দেখিয়ে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার আগামী মার্চ পর্যন্ত মাসে ১৫ কেজি করে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা তপন চৌধুরী বুধবার মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। উপদেষ্টা জানান, ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড়ে পটুয়াখালী, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, ভোলা, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর, খুলনা ও সাতক্ষীরা জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব জেলার মানুষদের ২৫ লাখ ৯০ হাজার ভিজিএফ কার্ড দেওয়া হবে। এর মধ্যে বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট ও পিরোজপুরের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে পাঁচ হাজার করে এবং অন্য আটটি জেলার পৌরসভা ও ইউনিয়নগুলোতে দুই হাজার করে ভিজিএফ কার্ড বিতরণ করা হবে। এই ভিজিএফ কর্মসূচির আওতায় প্রায় দেড় লাখ টন খাদ্যশস্য বিতরণ করবে সরকার। তপন চৌধুরী জানান, ওই ১২টি জেলার খাদ্য গুদামগুলোতে বর্তমানে প্রায় ৯৩ হাজার টন খাদ্যশস্য মজুদ রয়েছে। মন্ত্রণালয় থেকে এসব এলাকায় আরো সাত হাজার ৪৯২ টন খাদ্যশস্য বরাদ্দ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানান, এ পর্যন্ত বিভিন্ন দেশ ও সংস্থা ঘূর্ণিদুর্গতদের জন্য সাহায্য পাঠিয়েছে। মঙ্গলবার জাপান ও যুক্তরাষ্ট্রের দুটি ত্রাণবাহী বিমান ঢাকা পৌঁছেছে। এর মধ্যে তাঁবু, প্লাস্টিক শিটসহ বিভিন্ন উপকরণ রয়েছে। বুধবার পাকিস্তান দুটি বিমানে করে ৩০০ তাঁবু, দুই টন চাল, চার টন শিশু খাদ্য ও তিন টন ওষুধ পাঠিয়েছে। ২৩ নভেম্বর পাকিস্তানি সেনাবাহিনীর একটি ভ্রাম্যমাণ হাসপাতাল ঢাকা পৌঁছানোর কথা। এছাড়া বৃহস্পতিবার ভারত থেকে ত্রাণ নিয়ে দুটি বিমান বাংলাদেশে আসবে। ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের তথ্যের অমিল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "সেনাবাহিনী নিজস্ব মাধ্যমে তথ্য সংগ্রহ করছে। অন্যদিকে মন্ত্রণালয় তথ্য নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে। তাই দুই বিভাগের তথ্যের মধ্যে অমিল থাকছে।" এ বিষয়ে যাতে কোনো বিভ্রান্তি না থাকে সেজন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলেও জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২১৩০ ঘ.