ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান বিমান বাহিনীর দুটি বিশেষ উড়োজাহাজ ত্রাণ নিয়ে বুধবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
পাকিস্তান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দরে পাকিস্তানের রাষ্ট্রদূত আলমগীর বাবর ত্রাণগুলো খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সচিবের কাছে হস্তান্তর করেন। ত্রাণের মধ্যে রয়েছে ৩০০ তাঁবু, ২ টন চাল, ৪ টন শিশু খাদ্য ও ৩ টন ওষুধ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তান বিমান বাহিনীর ৩০ শয্যা বিশিষ্ট দুটি ভ্রাম্যমাণ হাসপাতাল শুক্রবার বাংলাদেশে আসছে।
এদিকে ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় বিমান বাহিনীর একটি ত্রাণবাহী উড়োজাহাজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টায় জিয়া বিমানবন্দরে এসে পৌঁছাবে। এই উড়োজাহাজটিতে ৩৮ টনেরও বেশি ত্রাণ সামগ্রী রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমএআর/১৯১৫ ঘ.
bdnews24