পটুয়াখালী, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় সিডরের তাণ্ডবে প্রাণ হারিয়েছে উপকূলের অসংখ্য মানুষ; সে কথা সবার জানা। তবে এমনও কেউ আছেন যিনি হারাতে পেরেছেন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের তাণ্ডবকে। এদেরই একজন পটুয়াখালীর রাঙাবালি উপজেলার মোহাম্মদ আলী (৮০)। নিজের তাৎক্ষণিক বুদ্ধি আর বেঁচে থাকার প্রবল আকাঙ্খা তাকে শেষ পর্যন্ত জয়ী হতে সাহায্য করে।
পটুয়াখালীর গলাচিপা উপজেলা সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে চরমন্তাজ বাজারে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঞ্জয় দে'র কথা হয় আলীর সঙ্গে। সহায় সম্বলহীন এ বৃদ্ধ স্থানীয়দের কাছে পরিচিত আলী ভাই নামে। ফসল ওঠা মৌসুমে আলী ভাই ঘুরে বেড়ান প্রত্যন্ত চরাঞ্চলে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার দু'দিন আগে সাগর পাড়ে চরকলগাছিয়া স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে গিয়েছিলেন ধান কুড়াতে।
আলী ভাই বলেন, "বুধ ও বিষ্যুদবার মোরা প্রায় ছয় বস্তা ধান পাইছি। দুপুরের আগে এইর মধ্যে আধা বস্তা বেচলাম। এরপর এই টাকা পোলা আর বউ এর হাতে দিয়া হেগো পাডাইলাম রাঙাবালিতে বাজার সদাই করতে। বিহালে দেহি তুফান বাড়ে। মুই ধানের বস্তাগুলারে ভালো কইরা বাইন্দা রাহি। হেরপর রাঙাবালিতে ফিরনের চেষ্টা করি।"
সন্ধ্যার আগে ট্রলারে রাঙাবালি ফিরতে চেয়েছিলেন আলী ভাই। কিন্তু ট্রলার ভরে যাওয়ায় লোকজন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। তিনি এরপর চেষ্টা করেন কোনো আশ্রয়ে যেতে।
আলী ভাইয়ের ভাষায়, "মোরে কোনো হানে জায়গা দেয় নাই। হেরপর একহানে দেহি তিনডা উচু কাইজ্যা গাছ। মোর কাছে পরিবারের (বউ) এক খান কাপড় আছিলো। হেইডা দিয়া গাছের মাথায় উইঠ্ঠা নিজেরে বাইন্দা ফেললাম। ভাবি মইরাতো যামুই চরেজানি আমার লাশটা পাওয়া যায়।"
রাত নয়টার পর থেকে বাড়তে থাকে ঝোড়ো বাতাস। সাড়ে ১০টার দিকে আকস্মিক জলোচ্ছ্বাসে প্লাবিত হয় চারদিক। কলাগাছিয়া চরে সেদিনের জলোচ্ছ্বাসে কয়েকশ লোক নিহত হয়েছে। এখনো নিখোঁজ আছে অনেকে।
আলী ভাই বলেন, "আমার সামনে দিয়া কতো জুয়ান মানুষ ভাইস্যা যায়। যারা গাছে উঠছিলো হেরাও গাছ ভাইঙা পইরা গেলো। আমি সবই দেখতে থাকলাম।"
জলোচ্ছ্বাস শেষে আতঙ্কে সারা রাত গাছেই ছিলেন ওই আলী ভাই। সকালের অনেক পরে নেমে আসেন তিনি। আলী ভাইয়ের সেই সাহসিকতার কথা এখন ঘুরছে আশপাশের এলাকার মানুষের মুখে মুখে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এএল/এমএ/১৬৪৫ঘ.
bdnews24