ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিও বুশ বাংলাদেশে ঘূর্ণিঝড় কবলিত মানুষের সহায়তার জন্য সে দেশের সামরিক ও বেসামরিকসহ প্রশাসনকে এগিয়ে আসার নির্দেশ দিয়েছেন।
যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসএআইডির প্রধান হেনরিয়েট এইচ ফোর এ তথ্য জানান।
বাংলাদেশে এক দিনের সফরে মঙ্গলবার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র দুর্গতদের সহায়তায় ইতোমধ্যে ২১ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজ 'ইউএসএস এসেক্স' ও 'ইউএসএস কিয়ারসারজ' যাত্রা শুরু করেছে এবং আগামী ২৪ থেকে ২৭ নভেম্বরের মধ্যে জাহাজ দুটি বাংলাদেশ পৌঁছবে।
ইউএসএআইডি প্রধান ৬১ হাজার ৮৭৫ মার্কিন ডলার মূল্যের বস্ত্র, হাইজিন কিটস, পানির পাত্র ও কম্বলসহ বিভিন্ন ত্রাণসামগ্রী সেভ দ্য চিলড্রেন ইউএসএ, রেডক্রিসেন্ট ও কেয়ারের কাছে হস্তান্তর করেন। এগুলো ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করবে এই সংস্থাগুলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১২৩৩ ঘ.
bdnews24