২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত্যন্ত এলাকায় ত্রাণ কার্যক্রম কাগজেই সীমাবদ্ধ

ঘূর্ণিঝড় বিধ্বস্ত পটুয়াখালী, বরগুনার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায় সমন্বিত কোনো ত্রাণ কার্যক্রম এখনো শুরু হয়নি। প্রত্যন্ত এলাকাগুলোতে সরকারি পর্যায়ের কোনো সাহায্যকর্মীকেও দেখা যায়নি। মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঞ্জয় দের চোখে না পড়লেও কর্মকর্তারা দাবি করছেন, ত্রাণ কার্যক্রম পুরোদমে চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 06:15 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

পটুয়াখালী, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় বিধ্বস্ত পটুয়াখালী, বরগুনার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকায় সমন্বিত কোনো ত্রাণ কার্যক্রম এখনো শুরু হয়নি। প্রত্যন্ত এলাকাগুলোতে সরকারি পর্যায়ের কোনো সাহায্যকর্মীকেও দেখা যায়নি। ঝড়ের ছয়দিন পার হয়ে গেলেও এখনো বেশিরভাগ জায়গায় প্রশাসনের তৎপরতা কেবল ক্ষতিগ্রস্তদের তালিকা করার মধ্যেই সীমাবদ্ধ। মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সঞ্জয় দের চোখে না পড়লেও কর্মকর্তারা দাবি করছেন, ত্রাণ কার্যক্রম পুরোদমে চলছে। আমতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর দাবি করেন, এরই মাঝে তারা ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পাঠিয়েছেন। সেগুলো বিলি-বণ্টনের ব্যবস্থাও করা হয়েছে। তার কথার প্রমাণ পাওয়া যায়নি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলার বড়বগিয়া ইউনিয়নে গিয়ে। সেখানকার আব্দুল খালেক পরিবারের ১১ জন নিহত হলেও প্রশাসনের কেউ পরিবারটির খবর নেয়নি। আব্দুল খালেকের প্রতিবেশী মো. নেছারউদ্দিন জানান, তাদের পাশের গ্রামের ক্ষতিগ্রস্তদের পরিবারপ্রতি একদিন দেড় কেজি করে চাল দেওয়া হলেও তাদের গ্রামে কোনো সাহায্য আসেনি। পাশের মৌররী গ্রামের শাহ আলম চৌকিদার জানান, তার ইউনিয়নে ঝড়ে মারা গেছে ৪৭ জন; এখনো অন্তত ১০/১২জন নিখোঁজ। প্রতিটি পরিবারই এখানে ক্ষতিগ্রস্ত, তাদের সবার তালিকা ইউনিয়ন পরিষদে তিনি জমা দিয়েছেন। কিন্তু সরকারি কোনো সাহায্য আসেনি। প্রস্তাবিত তালতলী উপজেলার বেসরকারি সাহায্য সংস্থা পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর সমন্বয়কারী মারুফ রায়হান জানান, তাদের এলাকা ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও এখানেও কোনো সাহায্য আসেনি। মানুষজন ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। জলোচ্ছ্বাস থেকে বাঁচার পর পরনে থাকা কাপড়ই তাদের একমাত্র সম্বল। আমতলী উপজেলার সমাজসেবা কর্মকর্তা, মো. মঞ্জুরুল হাসান স্বীকার করেন, প্রত্যন্ত এলাকায় পরিবহণ ব্যবস্থা একেবারে ভেঙে পড়ায় ত্রাণ পৌঁছানো কষ্টকর হয়ে পড়ছে। ত্রাণ পৌঁছানোর সম্বল এখন ট্রলার। কিন্তু ট্রলারও এখন পাওয়া যাচ্ছে না। গলাচিপা উপজেলা সদরের আশপাশে ত্রাণ কার্যক্রম অন্য জায়গার তুলনায় কিছুটা জোরদার। তবে উপজেলা সদরের বাইরের বিস্তীর্ণ এলাকায় কোনো ধরনের সহায়তা পৌঁছায়নি। বেসরকারি পর্যায়ে কোনো কোনো সংস্থা প্রাথমিকভাবে ত্রাণ বিতরণ শুরু করেছে। এ ছাড়া স্থানীয় লোকজন কিছু কিছু করে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে সেটা বিতরণও করছেন। আমতলী উপজেলা সদরে এমনি একটি ক্ষুদ্র উদ্যোগ শুরু করেছেন সদরের ওষুধ ব্যবসায়ী সুভাষ চন্দ্র মালি। স্থানীয় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করে সেগুলো দুর্গতদের মাঝে বিতরণ করছেন তিনি। সুভাষ মালি বলেন,"ক্ষতিগ্রস্তদের মাঝে আমরা গিয়ে দেখেছি সরকারের কাছ থেকে সামান্য ত্রাণও তাদের কাছে পৌঁছেনি।" এদিকে, শীত পড়ে যাওয়ায় খাদ্যের পাশাপাশি গরম কাপডের সংকটও দেখা দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এএল/জিএনএ/১২০০ ঘ.