ঢাকা নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় সিডরের আঘাতে বিচ্ছিন্ন হয়ে যাওয়া উপকূলীয় জেলাগুলোর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে আরো ১০ থেকে ১২ দিন সময় লাগবে বলে জানিয়েছেন যোগাযোগ সচিব।
তবে বরিশাল বিভাগের ছয়টি জেলার মধ্যে বরগুনা ছাড়া সব ক'টির মধ্যে বিকল্প ব্যবস্থায় সড়ক যোগাযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে। কিন্তু বরগুনার আমতলি ও কীর্তনখোলা পয়েন্টের প্রবেশ পথের ফেরি যোগাযোগ এখনো চালু করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যোগাযোগ সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য দেন।
মাহবুবুর রহমান জানান, ঘুর্ণিঝড়ে বরিশালের ১৭টি এবং খুলনার একটি ফেরি এবং ফেরি পন্টুন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি ফেরি ইতোমধ্যেই সচল করা সম্ভব হয়েছে। বাকি ১৬টি ফেরি ডাঙ্গা অথবা চরে আটকা পড়ায় জোয়ারের জন্য অপেক্ষা করা হচ্ছে। তবে তেমন জোয়ার পাওয়া না গেলে সেনাবাহিনী ও নৌ-বাহিনীর সহায়তায় ফেরিগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, এ সব ফেরি চালু করা না গেলেও বিকল্প ব্যবস্থায় ফেরি যোগাযোগ চালু করা হয়েছে। যাতে দ্রুত ত্রাণ সামগ্রী দুর্গত এলাকাগুলোতে পৌঁছানো সম্ভব হয়।
সচিব জানান, ঘুর্ণিঝড়ের প্রভাবে সড়ক স্থাপনায় ১৪ কোটি ৫০ লাখ এবং ফেরি যোগাযোগে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে ফেরি সার্ভিসে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।
রেল যোগাযোগ খাতে ক্ষয়ক্ষতির প্রসঙ্গে সচিব জানান, বিভিন্ন পয়েন্টের রেললাইনে ৪১৬টি গাছ ভেঙ্গে পড়েছিল। এসব গাছ অপসারণ করে রেল যোগাযোগ সচল করা হয়েছে। এছাড়া আর তেমন কোন ক্ষতি হয়নি।
সড়ক যোগাযোগ ব্যবস্থা পুনর্বাসন প্রসঙ্গে সচিব জানান, চলতি অর্থবছরের রক্ষণাবেক্ষণ বাজেট থেকে এর কাজ সম্পন্ন করা হবে। এ বছরের বাজেটে বরাদ্দ করা ৮০০ কোটি টাকার মধ্যে ৪০০ কোটি টাকা এখন পর্যন্ত পাওয়া গেছে। এর থেকে বন্যা পরবর্তী সংস্কারের কাজও করা হয়েছে। এখন দুর্গত এলাকার রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ জন্য প্রয়োজনে বরাদ্দের বাকি অংশও ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএ/২০৪৫ঘ.
bdnews24