ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় সিডরের তাণ্ডবে স্ত্রীর মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে বাড়ি ছুটে এসেছেন আব্দুর রব মোল্লা। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পক্ষীয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুর রবের স্ত্রী কলাপাড়ার কলাগাছিয়া চরের বাবার বাড়ি বেড়াতে গিয়ে আর ফেরেননি। স্ত্রীর সঙ্গে বেড়াতে যাওয়া দুই ছেলে-মেয়ে বেঁচে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সঞ্জয় দে'র সঙ্গে কথা হয় ঢাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক এ আব্দুর রবের সঙ্গে।
তিনি জানান, ঘূর্ণিঝড়ের করাল থাবায় লণ্ডভণ্ড হয়ে গেছে এ জেলার বিস্তীর্ণ এলাকা।
বৃহস্পতিবার রাতে সিডর আঘাত হানার দুদিন আগে আব্দুর রবের স্ত্রী পারভীন বেগম দুই সন্তান রুমা আক্তার শারমীন (১১) ও রবিউল হাসানকে (৭) নিয়ে বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন কলাপাড়া উপজেলার কলাগাছিয়া চরে। ঝড়ের পর সেই চর এখন বিরানভূমি।
পরিবারের আটজনের মধ্যে পারভীন বেগমসহ চার জনই ভেসে যায় বৃহস্পতিবার রাতের জলোচ্ছ্বাসে। অবিশ্বাস্যভাবে প্রবল স্রোতের মধ্যেও রক্ষা পায় তার দুই সন্তান রুমা ও রবিউল।
ঘটনার পুরো বর্ণনা পাওয়া গেলো রুমার কাছ থেকে। সে জানাল, "নানার বাড়িতে বন্যার দুইদিন আগে আমরা গেছিলাম। বুধবার বিহাল থেইকা মার খুব জ্বর। তাই নানা আমাগো আইতে দেয় নাই। পরের দিন সকাল হইতে তুফান শুরু হইলো। রাইতে নয়টা সাড়ে নয়টার দিকে আমরা যখন ঘুমে তখন আচুক্কা (হঠাৎ) বানের পানি ঘরে ঢুকছে। মাই চিল্লাইয়া আমাগো জাগায়। দৌড়াইয়া বাড়ির আটজন মানুষ সবাই আমরা বাইরে নামলাম। কিন্তু পানি বাইড়া যাওয়ায় গোয়ালঘর থাইকা বেশি দূর যাইতে পারি নাই।"
পারভীন বেগম তার ছেলে ও ছোট এক ভাইকে নিয়ে আশ্রয় নেন গোয়ালঘরে। রুমা তার ১১ বছরের খালাকে নিয়ে সেখানে আশ্রয় নেয়। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে পানিতে গোয়ালঘরের প্রায় অর্ধেক ডুবে যায়। সঙ্গে প্রচন্ড ঝড়ো বাতাসে ঘরটির চালাও উড়ে যায়। এক পর্যায়ে স্্েরাতের টানে ভেসে যেতে শুরু করে গোয়ালঘরে আশ্রয় নেওয়া চারজন। পারভীন বেগম সাঁতার না পারায় বাঁচার জন্য জাপটে ধরেন রুমাকে।
রুমা বলল, "মাই প্রথম আমার চুল টাইনা ধরছিলো। হেরপর আমার গলার কাছে জামা জোরে টান মাইরা ধরে। মার লগে আমিও ডুবতে থাকলাম। খালি পানি খাই, শ্বাস লইতে পারি না। কোনরকমে জোর কইরা মাইয়ের হাত ছোটানোর লাইগা জামা একসময় খুইলা ফেলি। হেরপর ভাসতে ভাসতে একটা গাছের ঠাইল (ডাল) পাইয়া তাতে চইড়া থাকলাম।"
পারভীন বেগমের আরেক হাতে ছিল ছেলে রবিউল। হাবুডুবু খেতে খেতে তিনিও একটি গাছের নাগাল পান। ছেলেকে উঁচু ডালে চড়িয়ে সেখানেই থাকতে বলেন তাকে। এরপর সাঁতার না জানা সত্ত্বেও খুঁজতে যান মেয়েকে। পরদিন প্রায় এক কিলোমিটার দূরে পাওয়া যায় তার লাশ।
ঝড় থেমে যাওয়ার পর রুমা ও রবিউলকে গাছ থেকে উদ্ধার করে এলাকাবাসী। ওই পরিবারের অন্য কারো খোঁজ তখনো ছিল না। সকাল বেলা পারভীন বেগমের লাশ পাওয়ার পর রুমাই তাকে সনাক্ত করে। রুমা বলে, "মার পিন্ধনে ছিল খালি একখান লাল শাড়ি। আমি নিজের হাতে তার নাকফুল আর হাতের চুড়ি খুলছি। এরপর দুপুর দুইটা পর্যন্ত আমি আর আমার ভাই নদীর ধারে একা একা লাশ নিয়া বইসা রইছি।"
ছলছল চোখে সে বলল, "জানেন, আমাগো একটুও ভয় লাগে নাই। এই দেহেন হাতের চুড়ি খোলনের সময় তা খালি একটু বাকাইয়া গেছে। দুইটার পরে নানারা ট্রলার লইয়া আইসা লাশ নিয়ে গেলো।"
রুমার মা ছাড়াও মারা গেছে তার নানী, ছোট খালা ও এক মামা।
রুমার বাবা আব্দুর রব ঢাকা থেকে ফেরার পর তাদের ছেলে- মেয়েদের পক্ষীয়ায় ফুফুর বাড়িতেই রেখেছেন। তিনি বলেন, "পোলাপান আমার ঢাকায় মানুষ। পানি কহনো দ্যাহে নাই, এরপরও দ্যাহেন ওরাই বাঁইচা রইলো, আর যার বাঁচনের কথা আছিলো সেই এহন কবরের ভিতরে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/এএনএস/এমএসবি/এমএ/১৯১৫ ঘ.
bdnews24