২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের চাকায়, পেটিকোটে পকেট বানিয়ে ইয়াবা পাচার, দুজন গ্রেপ্তার

এদের একজন ট্রাকচালক, অন্যজন মাদক বিক্রেতা।

ট্রাকের চাকায়, পেটিকোটে পকেট বানিয়ে ইয়াবা পাচার, দুজন গ্রেপ্তার

ইয়াবা পাচারের অভিযোগে গ্রেপ্তার দুজন। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 05:50 PM

Updated : 08 Jun 2023, 05:50 PM

পেটিকোটে বিশেষভাবে পকেট বানিয়ে এবং ট্রাকের অতিরিক্ত চাকার ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তাদের কাছে পাওয়ার গেছে এবং ২৫ হাজার ইয়াবা।

বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জাফরুল্ল্যাহ কাজল।

বুধবার গ্রেপ্তার হওয়া এই দুজন হলেন ট্রাকচালক মো. আলমগীর (৪০) এবং মাদক বিক্রেতা মো. শাহজাহান (২৬)।

সংবাদ সম্মেলনে জানান হয়, উত্তরাঞ্চলের কয়েকজন মাদক বিক্রেতা ঢাকার হেমায়েতপুরে অবস্থানরত ঠাকুরগাঁও জেলার শাহজাহানের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করবে, এমন তথ্য ছিল তাদের কাছে। পরে জানা যায়, আলমগীর নামে এক ট্রাকচালকের কাছ থেকে শাহজাহান এসব মাদক সংগ্রহের পর উত্তরাঞ্চলের নির্ধারিত মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করবে।

জাফরুল্ল্যাহ কাজল বলেন, “পরে আলমগীরকে টার্গেট করা হয় এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে নিশ্চিত হওয়ার পর গোপীবাগে ট্রাকটি আটকে তাকে ধরা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের স্পেয়ার চাকার টিউবের মধ্যে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”

আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঢাকা জেলার সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী ঈদগাহ কবরস্থান এলাকায় একটি বাড়িতে বুধবার বিকালে অভিযান চালিয়ে শহাজাহানকে গ্রেপ্তার এবং ১৫ হাজার ইয়াবা উদ্ধার করে।

জাফরুল্ল্যাহ কাজল বলেন, “মহিলাদের পেটিকোটে পকেট সদৃশ বিশেষ কায়দায় সেলাই করা অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়, যা সরবরাহের জন্য প্রস্তুত করে রাখা হয়েছিল।”

গ্রেপ্তারের পর শাহজাহান অধিদপ্তরের কর্মকর্তাদের বলেন, তার অধিকাংশ ক্রেতা নারী।

ট্রাকচালক আলমগীরের বাড়ী চট্টগ্রামের রাউজানে এবং শাহজাহানের বাড়ি ঠাকুরগাঁওয়ে।

দেশে ইয়াবা আসার রুট টেকনাফের বিভিন্ন মাদক ব্যবসায়ীর সঙ্গে আলমগীরের সখ্য রয়েছে দাবি করে অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, টেকনাফ থেকে বিভিন্ন জেলায় ইয়াবা পৌঁছে দেওয়ার বিনিময়ে প্রতি ট্রিপে ১ থেকে ২ লাখ টাকা পেতেন আলমগীর।