Published : 10 Oct 2023, 12:21 AM
দু-এক দিনের মধ্যে এ বছরের মতো বাংলাদেশ থেকে বিদায় নেবে মৌসুমি বায়ু। তবে যাওয়ার বেলায় দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি ঝরাবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৌসুমি বায়ু দুই-এক দিনের মাঝেই বিদায় নেবে। আর এই সময়ের মাঝে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।”
তবে সেই বৃষ্টি সারাদেশে ঝরবে না উল্লেখ করে তিনি বলেন, “এই বৃষ্টির প্রবণতা খুবই কম। এছাড়া যে বৃষ্টিটা হবে, তার পরিমাণও খুব সামান্য। মুষলধারে বৃষ্টি হবে না কোথাও।”
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে, ৭৩ মিলিমিটার। এ সময় সবচেয়ে বেশি তাপমাত্রা নথিবদ্ধ হয়েছে সৈয়দপুরে, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।