ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে যুদ্ধাপরাধ ও অপরাধীদের বিচার প্রসঙ্গে এবারও সরব লেখকরা। মেলায় এরই মধ্যে এসেছে শাহরিয়ার কবিরের 'যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াতের অপরাজনীতি' ও হুমায়ূন রেজার '১৯৭১ যুদ্ধাপরাধ এবং বিচার বাস্তবতা' শিরোনামে দুটি বই।
বই দুটির প্রকাশনা প্রতিষ্ঠান 'অনন্যা' ও 'জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১' এর কর্ণধাররা বলছেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। মেলায় এজন্য দুটি বইয়ের কাটতিও বেশ ভালো।
অনন্যার ব্যবস্থাপক হাফিজুল ইসলাম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহরিয়ার কবিরের 'যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াতের অপরাজনীতি' বইটি নিয়ে পাঠকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। মাঝবয়সি ও তরুণরাই বইটি বেশি কিনছে।"
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সরকার তারেক আহমেদ বইটি কেনার পর বলেন, "জামায়াতে ইসলামীর অপকর্ম জানতে সব সচেতন নাগরিকেরই বইটি পড়া উচিৎ।"
'১৯৭১ যুদ্ধাপরাধ এবং বিচার বাস্তবতা' বইয়ের লেখক হুমায়ুন রেজা বলেন, "সরকার ১৯৭৩ সালের ৩০ নভেম্বর দালাল আইনে আটক যে সমস্ত ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই তাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করে। কিন্তু বঙ্গবন্ধু সরকারের জারি করা ওই প্রেসনোটে স্পষ্টভাবে বলা হয়েছিল, যারা হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ লুটপাট করেছে তারা অবশ্যই যুদ্ধাপরাধী। সাধারণ ক্ষমা ঘোষণা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।"
তিনি আরও জানান, ১৯৭২ সালের ২৪ জানুয়ারি দালাল আইনের (বিশেষ ট্রাইবুনাল) অধীনে ৩৭ হাজার ৪১৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মধ্যে ২৬ হাজার ব্যক্তিকে মুক্তি দেওয়া হলেও ১১ হাজারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করা হয়।
যুদ্ধাপরাধীদের ঢালাওভাবে ক্ষমা করার দাবি নাকচ করে হুমায়ুন রেজা বলেন, "১৯৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ আইন (স্পেশাল ট্রাইবুনাল অ্যাক্ট) অনুযায়ী অবশ্যই তাদের বিচার হওয়া উচিৎ।"
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর ওপর জোর দিয়ে ওয়ার ক্রাইম ফ্যাক্টস এর আহ্বায়ক ডা. এম এ হাসান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার প্রতিশোধপরায়ণতার বিষয় নয়। ন্যায়, সত্য ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্যই এই বিচার হওয়া উচিৎ।"
মেলায় আসা মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল কাদির বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের যে কথা উঠেছে, সেটি অচিরেই গণদাবিতে পরিণত হবে বলে আমি মনে করি। গত ৩৭ বছরে এর বিচার না হওয়া অত্যন্ত পীড়াদায়ক।"
'১৯৭১ যুদ্ধাপরাধ এবং বাস্তবতা' বইটির দাম ১৭৫ টাকা। 'যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াতের অপরাজনীতি' এর দাম রাখা হয়েছে ১৫০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিএস/এসএনডি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24